গোবিন্দগঞ্জে নিহত সাঁওতালদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও সংহতি সমাবেশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গুলিতে নিহত সাঁওতালদের স্মরণে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন ও সংহতি সমাবেশ হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এ কর্মসূচি পালন করে। নিহত শ্যামল হেমব্রমের স্ত্রী সোনামনি কিসপট্টা, ছেলে সাগর হেমব্রম ও সনাতন হেমব্রম মোমবাতি প্রজ্বালন করে কর্মসূচির উদ্বোধন করেন।
জাতীয় আদিবাসী পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বিচিত্রা তিরকির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক টুনু পাহান, নিহত শ্যামল হেমব্রমের স্ত্রী সোনামনি কিসপট্টা, বন্ধু বিসপ হেমব্রম, আদিবাসী ছাত্র পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ পাহান, সহসাধারণ সম্পাদক মানিক রায় প্রমুখ।
নিহত শ্যামল হেমব্রমের স্ত্রী সোনামনি কিসপট্টা বলেন, ‘হামরা খুব গরিব। দুটা ছোট ছোট ছেল্যা আছে। কোথায় যাব, কী খাব বুঝ্যা পাছিন্যা। হামার স্বামীকে যারা ম্যাইরাছে, হামি তার লায্য বিচার চাই।’
এ সময় সংহতি জানিয়ে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে সিপিবির সাধারণ সম্পাদক আবু হাসিব, থিয়েটার চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক শাহজাহান প্রামাণিক, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি আলী উজ্জামান নূর, সাংবাদিক আনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা সাঁওতালদের গুলি করে হত্যা, নির্যাতন, তাঁদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুণ্ঠনের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানান।