গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সরদারহাট গ্রামে প্রতিপক্ষের হামলায় অঞ্জলী রানী (২৭) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আটজন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত অঞ্জলী রানী সরদারহাট গ্রামের নিত্য রঞ্জনের স্ত্রী।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। আহত ব্যক্তিদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, নিত্য রঞ্জনের সঙ্গে জমির সীমানা নিয়ে সরদারহাট উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষের বিরোধ চলছিল। আজ দুপুর ১২টার দিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লুত্ফর রহমানের ছেলে সেলিম মিয়া ও তাঁর ভাতিজা লেলিন মিয়া ওই জমিতে ঘর তুলতে যান। এতে নিত্য রঞ্জন ও তাঁর স্ত্রী অঞ্জলী রানী বাধা দেন। ক্ষিপ্ত হয়ে সেলিম মিয়া, লেলিন মিয়া ও তাঁদের লোকজন এই দম্পতিকে বেধড়ক মারধর করেন। স্থানীয় লোকজন তাঁদের দুজনকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁদেরও মারধর করা হয়। এতে অঞ্জলীসহ নয়জন আহত হন। এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে অঞ্জলী মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়। আজ সন্ধ্যা সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
এদিকে অঞ্জলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদের ওপর চড়াও হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষক আবদুল হামিদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।