গোবিন্দগঞ্জে প্রাণ হারালেন বাবা মেয়েসহ পাঁচজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল শুক্রবার মাইক্রোবাস-যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাবা, মেয়ে ও নাতিসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন গুরুতর আহত হন। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত পাঁচজন হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার দাখন্তাপুর গ্রামের হেলাল উদ্দিন (৪৮), তাঁর মেয়ে রুমা বেগম (২৫), রুমার ছেলে সিফাত বাবু (৬), তাঁর ভাই বেলাল হোসেনের মেয়ে ইতি (১৬) ও আকরাম হোসেনের মেয়ে অনন্যা (৭)। আহত ব্যক্তিরা হলেন আকরাম হোসেনের স্ত্রী বেলী বেগম (৩৫), তাঁর ছেলে অনিক (৯), বেলাল হোসেনের স্ত্রী রিতা বেগম (৪০), হেলাল উদ্দিনের ছেলে রাকিব (১২) ও মেয়ে বৃষ্টি (৬)।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহত ব্যক্তিরা জানান, হেলাল উদ্দিন গতকাল বগুড়া থেকে সকালে মেয়ে, নাতি ও আত্মীয়-স্বজনদের নিয়ে মাইক্রোবাসযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জের উদ্দেশে রওনা দেন। দুপুর ১২টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের কাটাখালী সেতুর দক্ষিণে হাওয়াখানা নামক স্থানে এলে মাইক্রোবাসটির চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই এর যাত্রী হেলাল উদ্দিনের মেয়ে রুমা বেগম নিহত হন ও অন্যরা আহত হন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে আহত ব্যক্তিদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর হেলাল উদ্দিন, সিফাত বাবু, ইতি ও অনন্যা মারা যান।নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, হেলাল উদ্দিন তাঁর আত্মীয়-স্বজনদের নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রথের বাজার গ্রামের মেয়েজামাইয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।গোবিন্দগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস জানান, এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।