গোবিন্দগঞ্জে বিস্কুট খেয়ে ৩৭ শিক্ষার্থী হাসপাতালে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বুধবার বিস্কুট খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় ৩৭ জনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) একটি প্রকল্পের আওতায় ২০০৮ সাল থেকে গোবিন্দগঞ্জ উপজেলার ২৫৫টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিস্কুট বিতরণ করা হচ্ছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ এই প্রকল্প বাস্তবায়ন করছে। তারাই স্কুলে বিস্কুট সরবরাহ করে।আরডিআরএস বাংলাদেশের কর্মসূচি ব্যবস্থাপক তপন সাহা প্রথম আলোকে বলেন, ‘বিস্কুটে কোনো সমস্যা নেই। খালি পেটে অতিরিক্ত বিস্কুট খাওয়ার কারণে এই সমস্যা হয়েছে। শিক্ষার্থীরা হয়তো পানি কম খেয়েছে।’বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ২০১ জন শিক্ষার্থীকে বিস্কুট খেতে দেওয়া হয়। বিস্কুট খাওয়ার পর অর্ধশতাধিক শিক্ষার্থী পেটে ও বুকে তীব্র ব্যথা অনুভব করে। এদের মধ্যে ৩৭ জনকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরা হচ্ছে বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর আরিফা, মরিয়ম, আল আমিন, লাবণী, সুজন, পাপুল, উজ্জ্বল, রোমানা, শিমু, রণজিৎ, আঁখি, রিপন, আশেদা, মুক্তা, জেমি, সাকিলা, জাকিয়া, মিম, সনি, জেসমিন, সাথী, রাসেল, রুবেল, রাব্বি, সাগর, মিজানুর, রব্বানী, আপেল, মর্জিনা, ফাতেমা, রেহেনা, মিলন, আর্জিনা, জাফর, সাকিল, নাছিমা ও আবদুর রহিম। আরও কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, কালো ও নীল রঙের দুই ধরনের প্যাকেটের বিস্কুট বিতরণ করা হয়। এর মধ্যে কালো রঙের প্যাকেটের বিস্কুট খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে। খবর পেয়ে গতকাল দুপুরেই বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল ওয়াহেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফজলুল করিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।