গোবিন্দগঞ্জে যাত্রার নামে অশ্লীল নৃত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একরামুল হক আইডিয়াল অ্যান্ড কম্পিউটার বিজ্ঞান কলেজ মাঠে যাত্রার নামে অশ্লীল নৃত্য প্রর্দশন, জুয়া ও হাউজি খেলা চলছে।গোবিন্দগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক শাহজাহান মিয়ার নেতৃত্বে এ যাত্রা চলছে বলে অভিযোগ উঠেছে। এদিকে যাত্রা হাউজি বন্ধের দাবিতে গত মঙ্গলবার আইডিয়াল কলেজ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য একরামুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবরে লিখিত আবেদন করেছেন। ইউএনও আবদুুল ওয়াহেদ আবেদন পাওয়ার কথা স্বীকার করে বলেন, মাঠে যাত্রা ও হাউজি বন্ধে কলেজ কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বন্দরে ওই কলেজ মাঠে ১৬ এপ্রিল থেকে যাত্রার নামে অশ্লীল নৃত্য চালানো হচ্ছে। রাত নয়টা থেকে ভোর পর্যন্ত নৃত্য ও খেলা চলে। এ আয়োজনের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় শাহজাহান মিয়া।গোবিন্দগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন বলেন, শাহজাহান মিয়া গোবিন্দগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক। কামারদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোমিনুল হাসান মিয়া বলেন, ‘আমার ইউনিয়নে যাত্রার নামে অশ্লীল নৃত্য ও হাউজি চললেও আমি অসহায়।’ শাহজাহান মিয়া বলেন, ‘এই আয়োজনের সঙ্গে আমি একা জড়িত নই। উপজেলা চেয়ারম্যান বিষয়টি জানেন। এ ছাড়া এসব চালানোর জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অনুমতি নেওয়া হয়েছে। কলেজ ছুটি দেওয়া হয়েছে, তাই মাঠ ব্যবহার করা হচ্ছে।’কলেজের অধ্যক্ষ আবদুুর রউফ বলেন, কলেজ ছুটি রয়েছে ঠিক। কিন্তু স্থানীয় প্রভাবশালী লোকজন এর সঙ্গে জড়িত থাকায় কলেজ মাঠে যাত্রা চালানো ঠেকানো যায়নি।