গোবিন্দগঞ্জে শিক্ষা কর্মকর্তা লাঞ্ছিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের নেতা ও এনজিও কর্মকর্তা তাপস দেবের হাতে উপজেলা শিক্ষা কর্মকর্তা লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও মামলার অভিযোগে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা একটার দিকে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও স্থানীয় এনজিও সবুজ বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তাপস দেব উপজেলা শিক্ষা কর্মকর্তা নাইয়ার সুলতানার কার্যালয়ে যান। তিনি তাঁর নির্দেশ ছাড়া আনন্দ স্কুলের কোনো ফাইলে স্বাক্ষর না করার জন্য শিক্ষা কর্মকর্তাকে চাপ দেন। কারণ জানতে চাইলে তাপস দেব অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তাপস শিক্ষা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় অফিসের লোকজন এগিয়ে এলে তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়ে শিক্ষা অফিস থেকে বেরিয়ে যান। অভিযোগের বিষয়ে তাপস দেব মুঠোফোনে বলেন, লাঞ্ছিত করার কোনো ঘটনা ঘটেনি। শিক্ষা কার্যালয়ের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে ওই কর্মকর্তার সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। তাপস দেব দলের দপ্তর সম্পাদক নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোজামেঞ্চল হোসেন বলেন, এ ধরনের ঘটনা দুঃখজনক। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, এ ধরনের ঘটনা নিন্দনীয় ও অপ্রত্যাশিত। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।