গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণের লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নয়ারহাট গ্রামে একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে গতকাল সোমবার এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তরুণের নাম খলিলুর রহমান (২৫)। তিনি শক্তিপুর গ্রামের অছিম উদ্দিনের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার বলেন, নিহত খলিলুরের গলা ও শরীরে জখমের চিহ্ন রয়েছে। তাঁর সঙ্গে পাশের বনগ্রাম এলাকার এক কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে বাবা মেয়েটিকে শাসন করেন। গত বুধবার মেয়েটি বিষপান করে আত্মহত্যা করেন। এর জের ধরে খলিলুরকে হত্যার ঘটনা ঘটতে পারে। এর রহস্য উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে।
এলাকাবাসী জানান, লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে গতকাল দুপুরে খলিলুরের আত্মীয়স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী ওই ছাত্রীর বাবার বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর থেকে ওই ছাত্রীর পরিবারের লোকজন আত্মগোপনে রয়েছেন।
এ বিষয়ে কথা বলার জন্য ওই ছাত্রীর বাবার মুঠোফোনে একাধিকবার ফোন করেও সেটি বন্ধ পাওয়া গেছে।
পুলিশ সূত্র জানায়, ছয়-সাত দিন আগে খলিলুর রহমান বাড়ি থেকে নিখোঁজ হন। গতকাল বেলা ১১টার দিকে নয়ারহাট গ্রামের লোকজন দুর্গন্ধ পেয়ে সেপটিক ট্যাংক খুলে লাশ দেখে থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় খলিলুরের বাবা অছিম উদ্দিন সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।
খলিলুরের বাবা অছিম উদ্দিন বলেন, ওই ছাত্রীর পরিবারের লোকজনই তাঁর ছেলেকে হত্যা করেছেন। তিনি এজাহারে বিষয়টি উল্লেখ করে মামলা করেছেন।