গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত
ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গত শনিবার সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছে। নিহত দুজন উপজেলার তালুককানুপুর ইউনিয়নের দামদরপুর গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী সেতেরা বেগম (৩৫) ও তাঁর ছয় বছরের মেয়ে পিংকি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত শনিবার বিকেলে শ্যামলী পরিবহনের শীতাতপনিয়ন্ত্রিত একটি যাত্রীবাহী বাস লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। বেলা সাড়ে তিনটার দিকে বাসটি গোবিন্দগঞ্জের কালিতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটি খাদে পড়ে যাওয়ার সময় পলাশবাড়ী থেকে গোবিন্দগঞ্জগামী একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী পিংকি মারা যায়। পরে সেতেরা বেগমকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তাঁর মৃত্যু হয়।এ ঘটনায় ভ্যানচালকও আহত হন। পুলিশ বাসটি আটক করেছে। তবে বাসের চালক ও তাঁর সহযোগী পালিয়ে যান।গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।