গোবিন্দগঞ্জে হাটের জায়গা বেদখল, বেচাবিক্রি রাস্তায়
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মহিমাগঞ্জ হাটের প্রায় অর্ধেক জায়গা বেদখল হয়ে গেছে। সেখানে নির্মাণ করা হয়েছে মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়। এর দেখাদেখি গড়ে উঠেছে পাকা ও টিনশেড দোকানঘর। স্থানীয় সরকারদলীয় নেতা-কর্মী ও প্রভাবশালীরা এসব জায়গা দখল করে নিয়েছেন। ফলে হাট বসছে পার্শ্ববর্তী সড়ক, টাউন ক্লাব মাঠ ও ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় চত্বরে।সরেজমিনে দেখা গেছে, মহিমাগঞ্জ-গোবিন্দগঞ্জ সড়কের পাশেই চার একর জমিতে ব্রিটিশ আমলে হাটটি গড়ে ওঠে। হাটের এক হাজার গজ পূর্বে মহিমাগঞ্জ রেলস্টেশন ও আধা কিলোমিটার পশ্চিমে রংপুর চিনিকল। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ হাটের জায়গা বেদখল হওয়া শুরু হয়। ১৯৯১ সালে হাটের উত্তর প্রান্তের জায়গা দখল করে গড়ে ওঠে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়। এবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দখলের গতি বেড়ে যায়। মহিমাগঞ্জ গ্রামের চাকরিজীবী রেজাউল করিম বলেন, দোকানের সংখ্যা বেড়ে যাওয়ায় শনি ও মঙ্গলবার হাটের দিন কেনাকাটা করা দুষ্কর। অথচ দলীয় প্রভাবে হাটের জায়গায় আওয়ামী লীগ কার্যালয় নির্মাণ করে সাংগঠনিক কার্যক্রম চালানো হচ্ছে। এ কারণে ব্যবসায়ীরা টোল দিয়েও নির্ধারিত জায়গায় পণ্য বেচাকেনা করতে পারছেন না। ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজোয়ান মুন্সী বলেন, অনেকে হাটের জায়গা অবৈধভাবে দখল করে পাকা দোকানঘর নির্মাণ করেছেন। তাই তাঁরাও হাটের জায়গায় ইউনিয়ন কার্যালয়ের জন্য ঘর করেছেন। এখান থেকে সাংগঠনিক কার্যক্রম চালানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, ইজারাদারের সঙ্গে যোগসাজশ করে প্রভাবশালীরা হাটের অনেক জায়গা দখল করে অবকাঠামো নির্মাণ করেছেন। ইজারাদার তাজুল ইসলাম হাটের জায়গা দখল ও যোগসাজশের অভিযোগ অস্বীকার করে বলেন, এবার হাটটি ১২ লাখ ৩১ হাজার ৫০০ টাকায় ইজারা নেওয়া হয়েছে। কিন্তু হাটের কোনো উন্নয়ন করা হচ্ছে না।নাম প্রকাশে অনিচ্ছুক এক অবৈধ দখলদার বলেন, অনেকে দখল করেছে, তাই তিনিও হাটের জায়গা দখল করে কাপড়ের ব্যবসা করছেন। অবশ্য ঘর নির্মাণের সময় হাট কমিটিকে টাকা দিতে হয়েছে। সরকার চাইলে ছেড়ে দেবেন। অবৈধ দখলদার মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুর রশিদ হাটের জায়গা দখলের অভিযোগ অস্বীকার করেন। হাটের জায়গা বেদখল হওয়ায় মহিমাগঞ্জ-গোবিন্দগঞ্জ সড়কে ধানের হাট বসছে। মহিমাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম (৪৫) বলেন, হাটের ভেতর ধানের বস্তা রেখে বিক্রি করার মতো কোনো জায়গা নেই। তাই সড়কে বেচাকেনা করতে হয়। এর পরও ইজারাদারকে টোল দিতে হচ্ছে। এ ছাড়া হাটে স্থান সংকুলান না হওয়ায় পাশের মহিমাগঞ্জ টাউন ক্লাব মাঠে বেচাকেনা হচ্ছে গরু, ছাগল, বাঁশ, ধান ও গাছের চারা। মহিমাগঞ্জ বণিক সমিতির সম্পাদক নূরুল ইসলাম বলেন, দখলদারদের কারণে গুরুত্বপূর্ণ এই হাটের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে ব্যবসায়ীরা সড়ক ও যত্রতত্র বেচাকেনা করছেন। এতে যানজটের সৃষ্টি হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল ওয়াহেদ বলেন, হাটটি ইউনিয়ন পরিষদের আওতায় পরিচালিত হয়। এ ছাড়া ইজারার শতকরা এক ভাগ টাকা হাটের উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু হাটের জায়গা বেদখল হওয়ার বিষয়টি তাঁকে জানানো হয়নি।