গোবিন্দগঞ্জে ৩০ কোটি টাকার শীতবস্ত্র অবিক্রীত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রায় ৩০ কোটি টাকার শীতবস্ত্র অবিক্রীত রয়ে গেছে। টানা অবরোধ-হরতালে বাইরের পাইকাররা ওই এলাকায় যেতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, জেলায় সবচেয়ে বড় শীতবস্ত্রের ব্যবসাকেন্দ্র কোচাশহর ইউনিয়নে। এখানে প্রায় ৪৫০টি শীতবস্ত্র বিক্রির দোকান আছে। সব দোকানমালিকেরই কারখানা আছে। এখানে উৎপাদিত শীতবস্ত্র দেশের বিভিন্ন জেলায় যায়। রপ্তানি হয় বিদেশেও। প্রতি শীত মৌসুমে প্রায় ৮০ থেকে ১০০ কোটি টাকার শীতবস্ত্র পাইকারি বেচাকেনা হয়। কিন্তু টানা অবরোধ-হরতালের কারণে দেশের বিভিন্ন জেলার পাইকাররা এখানে আসতে পারছেন না। ফলে প্রত্যেক ব্যবসায়ীরই ২ থেকে ১০ লাখ টাকার শীতবস্ত্র অবিক্রীত রয়েছে। এর মধ্যে সোয়েটার, মাফলার ও কার্ডিগানই বেশি। এগুলোর দাম প্রায় ৩০ কোটি টাকা।
কোচাশহর ইউনিয়নের নয়ারহাট কুটিরশিল্প অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান বলেন, প্রতিবছর পাইকাররা ট্রাক নিয়ে শীতবস্ত্র কিনতে আসতেন। এবার মুঠোফোনে বারবার তাগাদার পরও তাঁরা আসতে রাজি হচ্ছেন না। নাশকতার অজুহাত দেখাচ্ছেন। তিনি আরও জানান, প্রতি মৌসুমে ১০০ কোটি টাকার শীতবস্ত্র বিক্রি হয়। অবরোধ-হরতালের কারণে এ মৌসুমে মাত্র ৫০ কোটি টাকার শীতবস্ত্র বিক্রি হয়েছে। তাঁরই ৬ লাখ ৬০ হাজার টাকার শীতবস্ত্র অবিক্রীত পড়ে আছে।
নয়ারহাট গ্রামের ব্যবসায়ী মাহফুজ মিয়া বলেন, ‘ব্যাংক থেকে ঋণ নিয়ে শীতবস্ত্র তৈরি করেছি। কিন্তু অবরোধের কারণে ৩ লাখ ৬০ হাজার টাকার শীতবস্ত্র ঘরে পড়ে আছে।’
কুমড়াডাঙ্গা গ্রামের ব্যবসায়ী মিলন মিয়া জানান, এই সময়ে তাঁদের কাছে কোনো শীতবস্ত্র থাকে না। অথচ ৮ মার্চ পর্যন্ত বিক্রি না হওয়া পাঁচ লাখ টাকার শীতবস্ত্র নিয়ে তিনি বেশ বিপাকে আছেন।
মোকন্দপুর গ্রামের কৃষক জাহেদুল ইসলাম বলেন, ‘আমরা মধ্যবিত্ত ব্যবসায়ী। চাষাবাদের পাশাপাশি শীতবস্ত্রও তৈরি করি। গত বছর ৫০ হাজার টাকায় হালের বলদ বিক্রি করে ব্যবসায় লাগিয়েছি। কিন্তু হরতাল-অবরোধ সব মাটি করে দিয়েছে।’
কোচাশহর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য লেলিন মিয়া বলেন, ‘ইউনিয়নের ৯৫ শতাংশ মানুষই এই শিল্পের সঙ্গে জড়িত। এ দিয়েই তাঁদের ভাগ্যের পরিবর্তন হয়। কিন্তু অবরোধ-হরতালে তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন।’ তিনি জানান, কয়েকটি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত।