গোবিন্দগঞ্জে ৬০টি সরকারি পুকুর প্রভাবশালীদের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার প্রায় ৪০০ সরকারি পুকুরের মধ্যে ৬০টি বেদখল হয়ে গেছে। স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের আত্মীয়স্বজন এবং আওয়ামী লীগের নেতা ও প্রভাবশালী ব্যক্তিরা এসব পুকুর দখল করে মাছ চাষ করছেন বলে অভিযোগ। এতে সরকার প্রতিবছর কয়েক কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।জনপ্রতিনিধি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেদখল হওয়া পুকুরগুলোর মধ্যে প্রায় ৩০টিতে স্থানীয় সাংসদের ভাই ও সমর্থক, ১৪টিতে উপজেলা চেয়ারম্যানের আত্মীয়স্বজন ও সমর্থক এবং ১৬টিতে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের স্থানীয় নেতারা মাছ চাষ করছেন।উপজেলার কামদিয়া ইউনিয়নের কুয়াগাড়ি আদিবাসী বহুমুখী সমবায় সমিতি দুই যুগ ধরে ছয় একর জমিতে অবস্থিত একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গাইবান্ধা-৪ আসনের সাংসদ মনোয়ার হোসেন চৌধুরীর ছোট ভাই জিল্লুর চৌধুরী পুকুরটি দখল করেন। আদিবাসী সমিতির সভাপতি রাফায়েল বাস্কে বলেন, ‘প্রতিবছর ৭৫ হাজার টাকা দিয়ে এই পুকুর ইজারা নেওয়া হতো। মাছ বিক্রি করে সমিতির ৪০ সদস্য সংসার চালাত। কিন্তু সাংসদের প্রভাব খাটিয়ে এটি দখল করে নেওয়ায় আমরা অসহায় হয়ে পড়েছি।’জিল্লুর চৌধুরী দাবি করেন, ‘পুকুর দখলের অভিযোগ সঠিক নয়। ইজারার টাকা জমা দেওয়ার মতো আর্থিক সামর্থ্য আদিবাসীদের নেই। তাই আমার তত্ত্বাবধানে পুকুরে মাছ চাষ করা হয়ে থাকে। দরিদ্র আদিবাসীদের পুকুরের আয় থেকে সহায়তা করা হয়।’উপজেলার কামদিয়া ইউনিয়নে চার একর ৩৪ শতক জমিতে খনন করা কাউয়ার পুকুর এক যুগ ধরে সাংসদের চাচাতো ভাই ও আওয়ামী লীগের নেতা খালেদ চৌধুরী দখল করে মাছ চাষ করছেন। নাম প্রকাশ না করার শর্তে এক মৎস্যজীবী অভিযোগ করেন, চলতি বছরের ১৮ মার্চ পুকুরটি ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বান করা হয়। কিন্তু তাঁদের (খালেদ চৌধুরীর লোকজন) হুমকির ভয়ে কেউ দরপত্র কিনতে সাহস পায়নি।খালেদ চৌধুরী পুকুর দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, এই পুকুর ইজারা নেওয়া হয়েছে। সাংসদ মনোয়ার চৌধুরী বলেন, ‘আমার প্রভাব খাটিয়ে পুকুর দখলের অভিযোগ ভিত্তিহীন। সমাজে আমাকে হেয় করার জন্য প্রতিপক্ষ আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে।’উপজেলার রাজাহার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম অভিযোগ করেন, ‘প্রভাবশালী নজরুল ইসলাম আমার ইউনিয়নের মধ্য, মাউর ও হাকা পুকুর দখল করে মাছ চাষ করছেন। তিনি (নজরুল) উপজেলা চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে পুকুরগুলো দখলে নিয়েছেন।’তবে নজরুল ইসলাম পুকুর দখলের কথা অস্বীকার করেন। উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘আমার কোনো সমর্থক ও আত্মীয়স্বজন পুকুর দখলের সঙ্গে জড়িত নয়।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুজ্জামান বলেন, ‘আমি এখানে কিছুদিন আগে যোগদান করেছি। এসব বিষয়ে বিস্তারিত জানি না। তবে প্রভাবশালীদের হাত থেকে পুকুরগুলো উদ্ধার করে ইজারা দেওয়ার ব্যবস্থা করা হবে।’