গোবিন্দগঞ্জে ৯০টি দোকান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বাজারে গতকাল শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডে ৯০টি দোকান পুড়ে গেছে। এতে কমপক্ষে ১৫ কোটির টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানের মালিকেরা। আগুন নেভানোর সময় কয়েকটি দোকানে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় বগুড়া-রংপুর মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সোয়া ছয়টার দিকে গোলাপবাগ পৌর বাজারের কাপড়পট্টির একটি মনিহারি দোকানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। পাশের একটি গ্যাসের দোকানে আগুন ধরে গেলে তা মুহূর্তে ছড়িয়ে পড়ে। এতে পৌর বাজারের কাপড়পট্টির ২৮টি গার্মেন্টসের দোকান, ২৫টি ছিটকাপড় ও শাড়ি লুঙ্গি, ২০টি জুতা, দুটি কসমেটিকস্, পাঁচটি ওষুধ, ১০টি লাইলন সুতার দোকান সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে সকাল পৌনে সাতটার দিকে গাইবান্ধা ফায়ার সার্ভিসের দুটি, সোয়া আটটার দিকে বগুড়ার একটি ও বগুড়ার সোনাতলা উপজেলার একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বগুড়া-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিসের গাইবান্ধা জেলার উপসহকারী পরিচালক আবদুল হামিদ বলেন, আগুনে ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য ইউনিটের লোকজন কাজ করছেন। গোবিন্দগঞ্জ বণিক সমিতির সভাপতি নাজমূল হোসেন প্রধান বলেন, আগুনে ১৫ কোটির টাকার বেশি ক্ষতি হয়েছে।