গোবিন্দগঞ্জে 'সাঁওতাল' নির্যাতন নিয়ে প্রামাণ্যচিত্র
গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লিতে নির্যাতন নিয়ে প্রামাণ্য চলচ্চিত্র ‘ল্যান্ড অব দ্য লর্ড’ নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সুপিন বর্মণ।
গত ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি থেকে বাড়িঘর উচ্ছেদ করতে গেলে সাঁওতালদের সঙ্গে স্থানীয় লোকজন ও প্রশাসনের সংঘর্ষ বাধে। পরে আশপাশের সাঁওতালপল্লিতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এতে বাস্তুহারা হয়ে পড়েন সাঁওতাল সম্প্রদায়ের লোকজন। খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করেন তাঁরা। প্রামাণ্য চলচ্চিত্র ‘ল্যান্ড অব দ্য লর্ড’-এ তুলে ধরা হয়েছে এসব কাহিনি। বগুড়া থিয়েটারের কর্মী সুপিন বর্মণের পরিকল্পনা ও তথ্যানুসন্ধান এবং সিজুল ইসলামের ধারা বর্ণনায় নির্মিত এই চলচ্চিত্রটি ডিসেম্বর মাসজুড়ে গোবিন্দগঞ্জ সাহেবগঞ্জ ইক্ষু খামার এবং পাশের মাদারপুর, জয়পুরপাড়া সাঁওতালপল্লিতে ধারণ করা হয়। এতে হাসান মেহেদীর সুর করা একটি গানে কণ্ঠ দিয়েছেন নবীন কণ্ঠশিল্পী আল আমিন আপেল। নির্মাতা সুপিন বর্মণ জানান, প্রামাণ্য চলচ্চিত্রটি ইউটিউবে ছাড়া হবে।
এর আগে ওঁরাও জাতিগোষ্ঠীর জীবনসংগ্রাম নিয়ে সুপিন বর্মণের নির্মিত ‘লাইফ অ্যান্ড লাইট’ নামে আরেকটি প্রামাণ্যচিত্র ব্যাপক আলোচিত হয়। এ ছাড়া সুপিন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে ‘পোস্টমাস্টার’ এবং ‘ফেরা না ফেরা’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন।