গোবিন্দগঞ্জের ১১ কর্মকর্তা একসঙ্গে বনভোজনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ১১ জন কর্মকর্তা একসঙ্গে কক্সবাজারে বনভোজনে গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে দাপ্তরিক কাজে এসে অনেকে ঘুরে গেছেন।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যার পর প্রায় ২০০ জনের একটি দল গোবিন্দগঞ্জ থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। পাঁচ দিনের জন্য পাঁচটি বাস ভাড়া নেওয়া হয়েছে। বনভোজনের এই দলে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। এ ছাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ছাহেরা বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী, উপজেলা প্রকৌশলী সুজন কুমার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লায়লা আনজুমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেনসহ ১১ জন কর্মকর্তা রয়েছেন। এ উপজেলা পরিষদে মোট কর্মকর্তা আছেন অন্তত ২১ জন।
উপজেলার মহিমাগঞ্জ গ্রাম থেকে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে এসেছেন কৃষক এনামুল হক। তিনি বলেন, প্রায় ১২ কিলোমিটার দূর থেকে এসেছেন। এসে দেখেন এখানে কর্মকর্তা নেই। আগে জানলে তিনি আসতেন না। তাঁর মতো অনেকেই দুর্ভোগের শিকার হন। প্রায় ২০ কিলোমিটার দূরের কামদিয়া গ্রাম থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এসেছিলেন একজন শিক্ষক। তিনি বলেন, ‘স্যার থাকবেন না তা জানতাম না। কর্মকর্তাকে না পেয়ে ফিরে যাচ্ছি।’
গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক মতিন মোল্লা বলেন, একসঙ্গে এত কর্মকর্তার কর্মস্থল ত্যাগের কারণে উপজেলা প্রশাসন স্থবির হয়ে পড়েছে। কয়েক বছর ধরে এভাবে দলবেঁধে উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা কার্যালয় ফাঁকা রেখে বনভোজনে যাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজারে যাওয়া একজন কর্মকর্তা বলেন, ‘একসঙ্গে এত সংখ্যক কর্মকর্তা কর্মস্থলে না থাকায় মানুষের সমস্যা হচ্ছে ঠিক। কিন্তু সবাই এসেছেন তাই বনভোজন দলে যোগ দিতে হয়েছে। আমি দুই দিনের ছুটি নিয়ে এবং বুধবার আধা বেলা অফিস করে বনভোজনে এসেছি। ২ এপ্রিল গোবিন্দগঞ্জে (কর্মস্থলে) ফিরব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল হান্নান বলেন, ‘কর্মকর্তারা নিজ নিজ বিভাগের জেলা কর্মকর্তাদের কাছে ছুটি নিয়েছেন। আমি এখন ঢাকায় আছি। এ বিষয়ে আমি আর কিছু জানি না।’
সাংসদ আবুল কালাম আজাদ বলেন, ‘আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালে আমার নেতৃত্বে উপজেলা কর্মকর্তারা বনভোজনে গেছেন। এখন আমি সাংসদ হিসেবে কর্মকর্তাদের আমন্ত্রণে এসেছি।’