কুমিল্লার গোমতী নদীতে সাধারণত নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত অবৈধভাবে মাটি কাটা হয়। এবার জুন মাসেও মাটি কাটা হচ্ছে। দিনের চেয়ে রাতের বেলায় বেশি হচ্ছে মাটি কাটা। প্রতিদিন ৭০ থেকে ৮০টি ট্রাক্টর মাটি নিয়ে নদীর উভয় তীরের বাঁধ দিয়ে ওঠানামা করে। এতে বাঁধ হুমকির মুখে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা বলছেন, এবারের বর্ষা মৌসুমে অতিবৃষ্টি ও বন্যা হলে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ বিভাগের (পওর) সহকারী প্রকৌশলী আখতারুজ্জামান ফরহাদ বলেন, ‘কুমিল্লার গোমতী নদীর উভয় পাড়ের প্রায় ৬৪ কিলোমিটার বিস্তীর্ণ এলাকাজুড়ে চলছে মাটি কাটার মহোৎসব। নভেম্বর মাসে শীত এলেই একশ্রেণীর সংঘবদ্ধ চক্র নদীর ভেতরের মাটি কাটা শুরু করে। এবার বর্ষা মৌসুমেও লুকোচুরি করে চলছে মাটি কাটা। এতে নদীর বাঁধের ভেতরের বৃক্ষ উজাড় হচ্ছে। একই সঙ্গে নষ্ট হচ্ছে পরিবেশ। হুমকির মুখে পড়ছে নদীর উভয় তীরের বাঁধ।’ তিনি জানান, ৫ ও ৬ জুন নম্বরবিহীন পাঁচটি ট্রাক্টর নদীর বদরপুর রেলসেতু এলাকা থেকে আটক করা হয়।
গত বুধবার গোমতী নদীর উভয় পাড় ঘুরে দেখা যায়, নদীর এক পাশের ৩১ দশমিক ২৫ কিলোমিটার এবং অন্য পাশের ৩২ দশমিক ৫০ কিলোমিটার এলাকার ১৫টি স্থানে কমপক্ষে ৮০টি ট্রাক্টর মাটি বহন করছে। জগন্নাথপুর, টিক্কারচর, কাপ্তানবাজার, বদরপুর রেলসেতু এলাকা, পালপাড়া, দুর্গাপুর, আমতলী, আলেখারচর, ছত্রখিল, রত্নাবতী, গোবিন্দপুর, চানপুর, কামারখাড়া, এতবারপুর ও কংশনগর এলাকা দিয়ে মাটি নিয়ে ট্রাক্টর ওঠানামা করতে দেখা গেছে। নদীসংলগ্ন ৩০ কিলোমিটার এলাকার মধ্যে চারটি ইটভাটা দেখা গেছে। এসব ইটভাটায় নদী থেকে মাটি নেওয়া হচ্ছে। একই সঙ্গে নগরের বিভিন্ন স্থানে মাটি নেওয়া হচ্ছে।
ছত্রখিল এলাকায় কথা হয় ট্রাক্টরচালক আমজাদ হোসেনের সঙ্গে। তিনি বলেন, নদীতে পানি না আসায় এখন পর্যন্ত মাটি কাটা অব্যাহত রয়েছে। পানি এলে আর কাটা হবে না। তিনি বলেন, এ বছর ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা বেশি হওয়ায় রাতের বেলায় মাটি কাটা হচ্ছে।
নগরের কাপ্তানবাজার এলাকার বাসিন্দা ফজলুল হক বলেন, রাত ১০টা থেকে তিনটা পর্যন্ত ট্রাক্টরের শব্দে ঘুম আসে না। রাতের বেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি বহন করা হচ্ছে বেশি।
পানি উন্নয়ন বোর্ডের পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নূরুল আমিন বলেন, ‘গোমতী নদীর এক পাশে ৭৬ কিলোমিটার এবং অন্য পাশে ৬৪ কিলোমিটার বাঁধ রয়েছে। উভয় তীরের বাঁধ কেটে ট্রাক্টর ওঠানামা করছে।’ তিনি বলেন, জনবলের অভাবে সব সময় সব স্থানে নজরদারি করা যাচ্ছে না।
নূরুল আমিন বলেন, সামাজিক ও রাজনৈতিক আন্দোলন না হলে কুমিল্লার গোমতী নদীর বাঁধ মাটিখেকোদের কাছ থেকে রক্ষা করা যাবে না।