গোমতী নদী রক্ষার দাবি বাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোমতী নদীর বাঁধ ও এর ভেতর থেকে অবাধে মাটি কাটা বন্ধ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা আঞ্চলিক শাখা। একই সঙ্গে নদীটি রক্ষার জন্য ১০ দফা দাবি উত্থাপন করা হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টায় কুমিল্লা টাউন হলের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাপার আঞ্চলিক সভাপতি মোসলেহ উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বাপার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম, সহসভাপতি বাকীন রাব্বী, মিতা পাল, কোষাধ্যক্ষ রেজবাউল হক রানা, নির্বাহী সদস্য আবুল হাসানাত বাবুল ও শাহাজাদা এমরান প্রমুখ।
সংবাদ সম্মেলনে মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ১৪ মার্চ আন্তর্জাতিক নদী রক্ষা দিবস। কুমিল্লায় প্রথমবারের মতো এবার এ দিবস পালিত হবে। কুমিল্লার প্রধান নদী গোমতীর অবস্থা সংকটাপন্ন। এই নদীর দুই তীরের বাঁধ ও ভেতর থেকে অবাধে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এতে করে বাঁধের ব্যাপক ক্ষতি হচ্ছে। মাটি কাটার কারণে নদীর পাড়ের গাছগাছালি উপড়ে পড়েছে। নদী থেকে বালু তোলার কারণে বিভিন্ন স্থানে নদীশাসন হুমকির মুখে পড়েছে। এ ছাড়া গোমতী নদীর একটি অংশে বাঁধ দিয়ে দুটি রাস্তা তৈরি করা হয়েছে। নদীর পাড়ে অবৈধ বসতিও বেড়েছে। এ অবস্থা থেকে গোমতী নদীকে রক্ষা করতে হলে প্রশাসনকে ১০ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।
সংবাদ সম্মেলনে বাপার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, কুমিল্লা নগরবাসীকে সবুজ ও নির্মল পরিবেশ দিতে হলে গোমতী নদীকে রক্ষা করতে হবে। জনপ্রতিনিধি, প্রশাসন ও নাগরিক সমাজকে এ ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।