গোমতী সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-কুমিল্লা মহাসড়কের মেঘনা নদীর ওপর গোমতী সেতুতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে একজন। আজ শুক্রবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। 
নিহত ব্যক্তিরা হলেন সিরাজ মিয়া (৪৫) ও সালেহা বেগম (৪০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন মুন্সিগঞ্জের গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) কর্মকর্তা সার্জেন্ট সাইফুল ইসলাম।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাইফুল ইসলাম জানান, আজ সকালে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে কুমিল্লার দাউদকান্দিতে যাচ্ছিল। অটোরিকশাটি গোমতী সেতু পার হওয়ার সময় লক্ষ্মীপুরগামী একটি বাস পেছন থেকে এটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক সিরাজ মিয়া ও যাত্রী সালেহা বেগম নিহত হন। এ ঘটনায় আরও এক যাত্রী গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাইফুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের লাশ ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। অটোরিকশাটিকে ধাক্কা দেওয়া বাসটিকে আটক করা হয়েছে। চালক পলাতক। এ ঘটনায় একটি মামলা হবে।