গোমতীর তীরে অভিযান, বিকল করা হলো আটটি ট্রাক্টর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার গোমতী নদীর তীর থেকে মাটি বহনকারী আটটি ট্রাক্টর বিকল করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের নেতৃত্বে মালিক ও চালকবিহীন ওই ট্রাক্টরগুলো বিকল করে দেওয়া হয়। জানা যায়, কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল বিকেলে গোমতী নদীর তীরের মাটি কাটা বন্ধের জন্য প্রথমে পালপাড়া এলাকায় যান। খবর পেয়ে পাশের দুর্গাপুর এলাকার ট্রাক্টরচালকেরা মাটিভর্তি ট্রাক্টর রেখে পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালত আটটি ট্রাক্টর বিকল করে দেন। প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা মাটিভর্তি ট্রাকের কোনোটির চাকা কেটে দেন। আবার কোনোটির যন্ত্র বিকল করে দেন এবং হাওয়া ছেড়ে দেন। একই সঙ্গে ট্রাক্টরের ব্রেক ও বাতি ভেঙে ফেলা হয়। এর মধ্যে বাঁধের ওপরে থাকা মাটিভর্তি একটি ট্রাক্টরের মালিক এসে পড়েন। ভবিষ্যতে আর নদী থেকে মাটি নেবেন না বলে অঙ্গীকার করায় তাঁর ট্রাক্টরটি ছেড়ে দেওয়া হয়।