গোমতীর দুই পাড়ে মাটি কাটার ধুম, প্রশাসন চুপ

কুমিল্লায় গোমতী নদীর দুই পাড়ে মাটি কাটার মহোৎসব চলছে। শীত আসার পরপরই দুই পাড়ের প্রায় ৬৪ কিলোমিটার বাঁধজুড়ে রাত-দিন শত শত ট্রাক্টর ওঠানামা করছে। নদীর ভেতরের মাটি কাটার কারণে হুমকির মুখে পড়েছে বাঁধ, সড়ক ও সেতু। তবে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নিচ্ছে না।
স্থানীয় লোকজন জানান, নদীর ডান পাশের ৩২ দশমিক ৫ কিলোমিটার এবং বাঁ পাশের ৩১ দশমিক ২৫ কিলোমিটার এলাকা দিয়ে শত শত ট্রাক্টর ওঠানামা করছে। ট্রাক্টরে মাটি কেটে বিভিন্ন ইটের ভাটা ও বসতবাড়িতে নেওয়া হচ্ছে। নদীর উৎসমুখ কুমিল্লার আদর্শ সদর উপজেলার কটকবাজার থেকে বুড়িচং উপজেলার কংশনগর পর্যন্ত উভয় তীরে অবাধে মাটি কাটা হচ্ছে। মাটি আনা-নেওয়ার কারণে গোমতীর বাঁধও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাঁধের পাকা সড়কের পিচ উঠে গেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নদীর বাঁধের দক্ষিণ পাড়ে কাপ্তানবাজার এলাকায় ২০টি ট্রাক্টর মাটি কেটে নিচ্ছে। সড়ক কেটে নদীর বাঁধের ভেতর দিয়ে এসব ট্রাক্টর ওঠানামা করছে। নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় রয়েছে পুলিশ ফাঁড়ি। পুলিশের চোখের সামনেই মাটি কাটা হচ্ছে। বৈদ্যুতিক খুঁটি ও গাছের গোড়া থেকেও মাটি কাটা হচ্ছে। চানপুর বেইলি সেতুর পশ্চিম অংশ ও বদরপুর রেলসেতুর পূর্ব অংশের মাটি কেটে নেওয়ায় দুটি সেতুই হুমকির মুখে পড়েছে।
কয়েকজন ট্রাক্টরচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতি ট্রাক্টর মাটি ৫০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। নদীর দুই পাড়ের ২০ ঘাট থেকে মাটি কাটা হচ্ছে। কাপ্তানবাজার এলাকার আবু সাঈদ, চন্দন, অপু, পুতুল, চারু মিয়া, বাহার মিয়া, মোহন মিয়া, শাহেদ আলী; বদরপুর রেলসেতু এলাকায় আড়াইওড়ার বজলুল হক, আনোয়ার হোসেন, শহীদুল ইসলাম, ফিরোজ মিয়াসহ অর্ধশতাধিক ব্যক্তি মাটি কেনাবেচা করছেন।
শহীদুল ইসলাম বলেন, ‘৪০ শতক জমির মাটির বিক্রয়মূল্য সাড়ে তিন লাখ টাকা। ট্রাক্টরে করে ওই মাটি ইটভাটা ও কুমিল্লা শহরের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের কতিপয় লোককে ম্যানেজ করেই এ ব্যবসা চালিয়ে যাচ্ছি।’
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেন, ডিসেম্বর মাসের শুরু থেকেই মাটি কাটার ধুম পড়ে। মাটি আনা-নেওয়ার কাজে ব্যবহূত ট্রাক্টরগুলোতে কোনো নম্বর থাকে না। সংঘবদ্ধ চক্র মাটি কাটার জন্য নম্বরবিহীন ট্রাক্টর ব্যবহার করে। এ কারণে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় কিছু দুর্বৃত্ত নদীর সৌন্দর্য ও গতিপ্রবাহ বিনষ্ট করছে। প্রশাসনকে এ ব্যাপারে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন বলেন, গোমতী নদীর দুই পাড়ের বাঁধ নষ্ট করে প্রতিনিয়ত ট্রাক্টর ওঠানামা করছে। হরতাল ও অবরোধের কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাচ্ছে না। লোকবলেরও অভাব রয়েছে।
জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, অবরোধ-হরতাল বন্ধ হলেই মাটি কাটা রোধ করতে আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসন মাঠে নামবে।