গোমতীর পাড় কেটে সাবাড়, হুমকিতে রেলসেতু ও বাঁধ
কুমিল্লার গোমতী নদীর বাঁধের ভেতরে চলছে অবাধে মাটি কাটা। এতে আদর্শ সদর উপজেলার বানাশুয়া এলাকার রেলসেতু ও গোমতী বাঁধ হুমকির মুখে পড়েছে। এবারের বর্ষা মৌসুমে ওই বাঁধ আরও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সরেজমিনে গতকাল বুধবার দুপুরে গিয়ে দেখা গেছে, ভারতীয় সীমান্তবর্তী এলাকা কটক বাজার থেকে কুমিল্লার বুড়িচং উপজেলার কংসনগর পর্যন্ত গোমতী নদীর উভয় পাড়ের প্রায় ৩৮ কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে মাটি কাটা চলছে। এর মধ্যে আদর্শ সদর উপজেলার টিক্কারচর, চানপুর সেতু, কাপ্তানবাজার, বদরপুর, বানাশুয়া সেতু, পালপাড়া, দুর্গাপুর, আলেখারচর ও কংসনগর এলাকা থেকে শতাধিক ট্রাক্টর মাটি নিয়ে যাচ্ছে।বানাশুয়া রেলসেতুর নিচে গোমতী বাঁধের লাগোয়া অংশে বড় আকৃতির কমপক্ষে ৩০টি খাদের সৃষ্টি করা হয়েছে। ওই রেলসেতুর ওপর দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটগামী ট্রেন চলাচল করে। বানাশুয়া গ্রামের বাসিন্দা মোবাশ্বের আলম বলেন, নদী থেকে অবাধে মাটি কাটার কারণে রেলসেতু হুমকিতে রয়েছে। সেতুর পিলারের দুই পাশেই খাদের সৃষ্টি হয়েছে। দ্রুত মাটি কাটার কাজ বন্ধ করতে হবে।বানাশুয়া রেলসেতুর নিচ দিয়ে ট্রাক্টর নিয়ে মাটি বহন করছেন আবদুল করিম। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের মাটি ভরাটের জন্য নদী থেকে মাটি নেওয়া হচ্ছে। কারা মাটি নিচ্ছেন এ প্রসঙ্গে তিনি কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। পালপাড়া বেইলি সেতু এলাকা থেকেও দেদার মাটি কেটে বিক্রি করছে একটি চক্র।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. ফারুক ভূঞা বলেন, ‘বাঁধের ওপর দিয়ে ট্রাক্টর ওঠানামার জন্য কোনো ধরনের অনুমতি নেই। তার পরও শত শত ট্রাক্টর চলাচল করছে। বাঁধের ভেতরের জমি ও নদীর মূল পাড় কেটে মাটি নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকি। জনবল কম থাকার কারণে সব সময় কাজটি করা যায় না। তার পরও একজন উপবিভাগীয় প্রকৌশলী বিষয়টি দেখভাল করছেন।’উপবিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ আখতারুজ্জামান বলেন, ‘সেপ্টেম্বর মাস থেকে আমি ভ্রাম্যমাণ আদালত নিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনকারী ট্রাক্টর আটক করে আসছি। শীত মৌসুম এলে কৃষিকাজের ট্রাক্টরগুলো পেছনের অংশ খুলে নতুন বডি সংযোগ করে। এরপর মাটি নেওয়ার কাজ করে। আমরা বেশ কয়েকটি ট্রাক্টর আটক করেছি।’জেলা প্রশাসক মো. রেজাউল আহসান প্রথম আলোকে বলেন, ‘পরিবেশ বিপর্যয় করে নদী থেকে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য জনপ্রতিনিধিদের বলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতও জরিমানা আদায়সহ থানায় মামলা করেছেন। শিগগিরই আরও অভিযান চালানো হবে।’