গোমস্তাপুর, শেরপুরে সড়ক দুর্ঘটনা নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ও বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (১৪) ও আবদুল জলিল (২০) নামে দুজন নিহত হয়েছে। তারা দুজনই মোটরসাইকেলের আরোহী ছিল। গতকাল মঙ্গলবার এ দুটি দুর্ঘটনা ঘটে।
হাবিবুর রহমান গোমস্তাপুরের রহনপুর-যাতাহার সড়ক দিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় মাদাপুর নামক স্থানে উল্টো দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের চালক হাবিবুর গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। হাবিবুর রহনপুর ইউনিয়নের পাথরপূজা গ্রামের রবিউলের ছেলে। সে রংপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
গোমস্তাপুর থানার ওসি খন্দকার গোলাম মুর্তজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেেল এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী লোকজন সূত্রে জানা যায়, গতকাল বিকেল পৌনে চারটায় ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ধনকুন্ডি সেতু এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের চালক জলিল মারা যান। উপজেলার সীমাবাড়ী এলাকায় যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই জলিল প্রাণ হারান। তিনি উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। শেরপুর থানার এসআই এবাদ আলী মোল্লা বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।