গোমস্তাপুরে বখাটে নুরুলকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে সেতু থেকে ফেলে দেওয়ার মামলায় প্রধান আসামি বখাটে নুরুল ইসলামকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত মঙ্গলবার উপজেলায় মানববন্ধন হয়েছে। বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে ওই শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠান আলীনগর বালিকা উচ্চবিদ্যালয়সহ ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণ অংশ নেয়। এতে বক্তব্য দেন স্থানীয় সাংসদ জিয়াউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের শিক্ষক আলাউদ্দীন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদুল হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।বক্তারা আট দিনেও বখাটে নুরুলকে গ্রেপ্তার করতে না পারায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে তাঁকে গ্রেপ্তার করা না হলে আরও কর্মসূচি দেওয়া হবে বলে জানান। একই দাবিতে ইউএনওর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ২৮ ফেব্রুয়ারি উপজেলার রহনপুর রেলওয়ে সেতু থেকে ওই শিক্ষার্থীকে ফেলে দেন নুরুল।