আদিবাসীদের ওপর নির্যাতন এবং ভূমি থেকে উচ্ছেদ বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় আদিবাসী পরিষদ ও লাহন্তি ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীরা এসব কর্মসূচি পালন করেন।
উপজেলার রহনপুরের খোয়াড়ের মোড় থেকে কয়েক শ আদিবাসী দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ইউএনওর কার্যালয় ঘেরাও করেন। সেখানে বক্তৃতা করেন আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি বিচিত্রা তিরকি, রাজশাহী জেলা সভাপতি বিমল রাজোয়ার, উপদেষ্টা জয়নাল আবেদিন, লাহন্তি ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা এভারিস্ট হেমব্রম প্রমুখ।
পরে ইউএনও সমাবেশস্থলে এসে আদিবাসীদের সঞ্চারকলিপি গ্রহণ করেন এবং জালিয়াত চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। গত ২৫ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘চাঁপাইনবাবগঞ্জে ভূমিদস্যু চক্র সক্রিয়: আদিবাসীদের শতাধিক বিঘা জমি দখল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।