গোয়াইনঘাটে অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুজনগ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার আলীরগাঁও এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন অটোরিকশার চালক সাহাবউদ্দিন (৫৫) ও আরোহী আবদুর রাজ্জাক (২৫)। তাঁদের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দুজন সীমান্ত এলাকায় অবস্থান নেন। এরপর ভারতের সোনারহাট ক্যাম্প এলাকা থেকে ভারতীয়রা ওই দুজনের কাছে অস্ত্র তৈরির সরঞ্জাম হস্তান্তর করেন। গতকাল দুপুরে তাঁরা সিএনজিচালিত অটোরিকশায় অস্ত্র তৈরির সরঞ্জাম ভরে রওনা দেন। গোয়াইনঘাটের আলীরগাঁও এলাকায় পৌঁছালে পুলিশ অটোরিকশাটি থামায় এবং তল্লাশি করে একটি বস্তায় মোড়ানো অস্ত্র তৈরির সরঞ্জামগুলো উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান জানান, পুলিশ ওই বস্তায় ১০টি বন্দুক তৈরির সরঞ্জাম পেয়েছে। গ্রেপ্তার হওয়া দুজন জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ভারতের সোনারহাট সীমান্তের ওপারে অস্ত্র ব্যবসায়ীদের অগ্রিম টাকা দিয়ে এগুলো অবৈধ পথে দেশে আনা হয়। অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করার ঘটনায় গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছেন। আটক দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে। 

কসবায় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১

প্রথম আলোর কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা গত সোমবার উপজেলার সৈয়দাবাদ গ্রামের একটি বাড়ি থেকে একটি বিদেশি রিভলবার ও ছয়টি গুলি জব্দ করেছে। এগুলো রাখার অভিযোগে তাঁরা ওই বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান চৌধুরী ওরফে বিদ্যুতকে (৩৫) গ্রেপ্তার করেছেন। এ ঘটনায় র‌্যাবের উপপরিদর্শক (এসআই) মো. শওকত ওসমান বাদী হয়ে অস্ত্র আইনে কসবা থানায় মামলা করেছেন।

পুলিশ ও র‌্যাবের ভাষ্যমতে, র‌্যাব-৯-এর একটি দল ছদ্মবেশে মোস্তাফিজুর রহমানের কাছ থেকে অস্ত্র কিনতে সোমবার রাতে তাঁর বাড়িতে যায়। এ সময় তারা একটি বিদেশি রিভলবার ও ছয়টি গুলিসহ তাঁকে গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার দুপুরে তারা মোস্তাফিজুরকে কসবা থানায় সোপর্দ করে। কসবা থানার ওসি মো. আবদুল হক দাবি করেন, মোস্তাফিজুর রহমান অস্ত্র ব্যবসায়ী। তাঁকে র‌্যাবের করা অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ (বুধবার) ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠানো হবে।