গোয়াইনঘাটে এনজিওর কর্মী নিখোঁজ

সিলেটে এফআইভিডিবি নামের একটি বেসরকারি সংস্থার মাঠকর্মী রেজাউল করিম (২৯) সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন। সাত দিনেও পুলিশ তাঁকে উদ্ধার করতে না পারায় আজ সোমবার বিকেল তিনটায় এলাকাবাসীর উদ্যোগে সাহেবের বাজারে প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়েছে।
রেজাউল করিম সদর উপজেলার সাহেবেরবাজার ফতেহগড় গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গেছে, রেজাউল সংস্থার সালুটিকর শাখায় কাজ করছেন। সংস্থার ঋণের কিস্তির টাকা তুলতে প্রায়ই তিনি গোয়াইনঘাটের তোয়াকুল ইউনিয়নের বিভিন্ন গ্রামে যাতায়াত করতেন। গত রোববার সকালে তোয়াকুল বাজারে গিয়ে তিনি আর ফেরেননি। এ ঘটনায় গত সোমবার ওই এনজিওর পক্ষ থেকে রেজাউলের সহকর্মী ফরিদ আহমদ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাঁর ব্যবহৃত মুঠোফোনও বন্ধ রয়েছে।
এফআইভিডিবির সালুটিকর শাখার ব্যবস্থাপক আবদুস সালাম গত সোমবার রাতে প্রথম আলোর সিলেট কার্যালয়ে এসে বলেন, রেজাউলের ব্যাপারে তাঁরা সংস্থার পক্ষ থেকে ওই এলাকায় বিভিন্নভাবে খোঁজ নিয়েছেন। তাঁরা জানতে পেরেছেন তোয়াকুল বাজারে গত রোববার বিকেলে কয়েকজন যুবকের সঙ্গে রেজাউলের কথা-কাটাকাটি হয়েছে। তবে কী নিয়ে কথা-কাটাকাটি হয়েছে, এ ব্যাপারে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না। তাঁদের ধারণা, কথা-কাটাকাটির সূত্র ধরে রেজাউলকে পরিকল্পিতভাবে অপহরণ করা হতে পারে।