গোয়াইনঘাটে খালে বাঁধ দিয়ে মাছ চাষ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর এলাকায় খালে বাঁধ দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য ও তাঁর লোকজন মাছ চাষ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলার পূর্ব জাফলং ইউপির সদস্য আবদুর রহমান ও তাঁর সহযোগী ইউছুব আলী এলাকার একমাত্র পানি নিষ্কাশনের খালে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছেন। এতে প্রায় ১০০ একর জমির আমন ধান জলাবদ্ধতার কারণে নষ্ট হয়ে গেছে। অন্যদিকে খালে বাঁধ দেওয়ার কারণে একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। ফলে খালের পাশের কালীবাড়ি, ইসলামপুর ও আলমনগর গ্রামের শতাধিক পরিবার ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ ব্যাপারে কালীবাড়ি, ইসলামপুর ও আলমনগর গ্রামের লোকজনের পক্ষ থেকে গত ২৩ আগস্ট গোয়াইনঘাটের ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দেওয়া হয়। গত সোমবার পর্যন্ত এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযোগে বলা হয়, রাধানগরের ভিত্রিখেল ও বাউরবাগ মৌজার পাশাপাশি দুটি হাওরে অনেক আগে থেকেই ওই এলাকার লোকজন চাষাবাদ হয়ে আসছেন। ওই দুই হাওরের পানি নিষ্কাশনের জন্য প্রাকৃতিকভাবে তৈরি একটি খাল আছে। সম্প্রতি আবদুর রহমান ও ইউছুব আলী এবং তাঁদের লোকজন ওই খালে বাঁধ দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে মাছ চাষ করছেন। আলমনগর গ্রামের বাসিন্দা শরিফুল বলেন, খালে বাঁধ দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করায় ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।
ইসলামপুর গ্রামের নূরুল বলেন, ‘এ ব্যাপারে আমরা ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে আমরা আন্দোলনে যাচ্ছি।’ আবদুর রহমান খালের ওপর বাঁধ দিয়ে মাছ চাষের কথা স্বীকার করে বলেন, ‘বাঁধের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে না।’ ইউএনও মোহামঞ্চদ আজিজুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। উপজেলা ভূমি কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’