গোয়ারীভাঙ্গা গ্রামবাসী ভোট দিতে পারছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোয়ারীভাঙ্গা গ্রামের দুই হাজারের বেশি ভোটার পৌর নির্বাচনে ভোট দিতে পারবেন। গত মঙ্গলবার উচ্চ আদালত একটি রিটের পরিপ্রেক্ষিতে তাঁদের ভোট দেওয়ার অনুমতি পাওয়ার বিষয়ে এই আদেশ দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গোয়ারীভাঙ্গা গ্রামে ২ হাজার ১৫০ জন ভোটার রয়েছেন। গত ১৪ সেপ্টেম্বর গ্রামটিকে পৌরসভায় অন্তর্ভুক্ত করতে একনেকে সিদ্ধান্ত হয়। ২৬ নভেম্বর স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ কে এম আনিসুজ্জামান গোয়ারীভাঙ্গা গ্রামকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত করতে একটি প্রজ্ঞাপন জারি করেন। সীমানা নির্ধারণ-সংক্রান্ত জটিলতার কারণে ৯ ডিসেম্বর নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব মাহফুজা আক্তার ওই প্রজ্ঞাপন স্থগিত রাখার অনুরোধ করেন। এতে ওই গ্রামের ভোটার ও প্রার্থীদের নির্বাচন করা নিয়ে শঙ্কা তৈরি হয়। পরে গোয়ারীভাঙ্গা গ্রামের কাউন্সিলর প্রার্থী মোর্শেদ আলম এ বিষয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত থেকে ওই গ্রামের ভোটারদের ভোটে অংশ নেওয়ার বিষয়ে ওই আদেশ দেওয়া হয়।
উচ্চ আদালতের আইনজীবী পঙ্কজ কুমার কুণ্ডু বলেন, নির্বাচন কমিশন ২৬ নভেম্বরের প্রজ্ঞাপন স্থগিত করতে অনুরোধ করেছিল। নির্বাচন কমিশনের সেই চিঠি আগামী ছয় মাসের জন্য উচ্চ আদালত স্থগিত করে গোয়ারীভাঙ্গা গ্রামের ভোটারদের নিয়ে নির্বাচন করতে নির্দেশ দিয়েছেন।
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আহমেদ জামিল এর সত্যতা নিশ্চিত করেছেন।