গোয়ালঘরে পাঠদান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব টাকই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি ভেঙে ফেলা হয় সাড়ে তিন মাস আগে। ভবন ভাঙতে প্রশাসনিক অনুমোদনও নেওয়া হয়নি। এখন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির গোয়ালঘরে গাদাগাদি করে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯৯১ সালের ১ জানুয়ারি পূর্ব টাকই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০০০ সালে ওই বিদ্যালয়ের জন্য চার কক্ষবিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়। ২০১২ সালের ২৭ জুন বিদ্যালয়ের জন্য আরও একটি ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়। তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় ৫৯ লাখ ৫৬ হাজার ১৭৯ দশমিক ৯৭ টাকা ব্যয় ধরে ওই ভবন নির্মাণ করতে দরপত্র আহ্বান করে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকৌশল দপ্তর। ২০১২ সালের ২৩ অক্টোবর ভবন নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। প্রশাসনিক অনুমোদন না নিয়েই চলতি বছরের ১৫ জুন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও একটি প্রভাবশালী মহল ১২ বছর আগের ভবনটি ভেঙে ফেলে। একই সঙ্গে ওই ভবনের মালামাল (ইট ও রড) সরিয়ে ফেলে একই জায়গায় নতুন করে ভবন নির্মাণ শুরু করা হয়। বিদ্যালয়ের আগের ভবনের পাশে সরকারি খাসজমিসহ পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও সেখানে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে না। এ পরিস্থিতিতে ১৫ জুন থেকে প্রথমে গাছতলায় ও পরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বশির উল্লাহ ও প্রধান শিক্ষক হোসনে আরার বাড়ির গোয়ালঘরে শিক্ষার্থীদের পাঠদান করা করছে।
গত বৃহস্পতিবার বেলা ১১টায় সরেজমিনে দেখা গেছে, পূর্ব টাকই গ্রামের বশির উল্লাহ ও হোসনে আরার বাড়ির গোয়ালঘরে প্রচণ্ড গরমে গাদাগাদি করে পড়াশোনা করছে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। টিনের ওই গোয়ালঘরের উত্তর, পশ্চিম ও পূর্ব পাশে শণের বেড়া এবং পশ্চিম পাশে টিনের অর্ধেক বেড়া রয়েছে। গোয়ালঘরের সামনে রয়েছে লতাগুল্ম। ঘরটিতে গোবরের গন্ধ। মেঝেতে বালি উড়ছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ বেগম বলেন, ‘এ বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ২১০ জন শিক্ষার্থী রয়েছে। এদের পাঠদানের জন্য চারজন শিক্ষক রয়েছেন। বিদ্যালয়ের ভবন ভেঙে ফেলায় আমরা ওই ঘরে গরমের মধ্যে শিক্ষার্থীদের পাঠদান করছি।’ সহকারী শিক্ষক রেহানা বেগম ও সেলিনা আক্তার একই কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বলেন, ‘নতুন ভবন না হওয়া পর্যন্ত এভাবেই পাঠদান চলবে।’ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বশির উল্লাহ বলেন, ‘প্রকৌশলীর অনুমতি নিয়ে ভবন ভাঙা হয়েছে। পাশের খালি জায়গায় নতুন ভবন তোলা যেত। তবুও সেটি ভাঙা হয়েছে। জায়গা নিয়ে বিরোধের কারণে এমনটি হয়েছে।’
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘নিলাম না করেই পুরোনো ভবনটি ভেঙে এর মালামাল বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কাছে দেওয়া হয়েছে।’
জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ‘১২ বছর আগে নির্মাণ করা ভালো ভবনটি আমাকে না জানিয়ে ভাঙা হয়েছে। ওই ভবনের মালামাল কোথায়, তাও জানি না। বিদ্যালয়ের পাশের খাসজমি দখল করার জন্য একটি মহল ওই ভবন ভেঙে একই জায়গায় নতুন ভবন করছে। নিয়মানুযায়ী ভবন ভাঙতে হলে আমার অনুমোদন লাগবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’