পদ্মার পানি বাড়ায় রাজবাড়ীর গোয়ালন্দ ও ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার অনেক এলাকা প্লাবিত হয়েছে। সেই সঙ্গে ভাঙনের কারণে স্কুল, রাস্তাঘাট ও বেশ কিছু ফসলি জমি পদ্মায় বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে আরও অনেক স্থাপনা।
গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত) ভাগ্যকুল গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি আরও চার সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়তে থাকায় গত তিন দিনে উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম, ছোটভাকলা ও উজানচর ইউনিয়নের নিম্নাঞ্চলসহ বহু এলাকা তলিয়ে গেছে। এ ছাড়া নদীভাঙনের কারণে বেশ কিছু ঘরবাড়ি ও রাস্তাঘাট বিলীন হয়ে গেছে।
উজানচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলজার হোসেন বলেন, গত কয়েক দিনে তাঁর ইউনিয়নের কর্ণেশনা, আংকের শেখের পাড়া, মজলিশপুর, মহিদাপুর, দেবীপুরসহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার অধিকাংশ কৃষিজমি তলিয়ে যাওয়ায় ফসল নষ্ট হয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছরোয়ার হোসেন জানান, নদী ভাঙনের কারণে এরই মধ্যে দেবগ্রামের বেতকা বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়টি নদীতে বিলীন হয়েছে। বাঘাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেবগ্রামের ৫ নম্বর ওয়ার্ড স্বাস্থ্য বিভাগের কমিউনিটি ক্লিনিকটিও যেকোনো সময় নদীতে বিলীন হয়ে যেতে পারে।
এদিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ঝাউকান্দি ইউনিয়ন বন্যার পানিতে নিমজ্জিত হওয়ার পাশাপাশি তীব্র ভাঙনের কবলে পড়েছে। গত ১৫ দিনে ইউনিয়নের ধলাই মৃধারডাঙ্গি, মুন্সিরডাঙ্গি, হাফিজডাঙ্গি, ফালু ফকিরেরডাঙ্গি ও চৌধুরীডাঙ্গি গ্রামের বেশ কয়েকটি পরিবার ভাঙনের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছে। সেই সঙ্গে নদীতে বিলীন হয়ে গেছে ৩০০ একর ফসলি জমি। ধলামৃধাডাঙ্গি গ্রামে অবস্থিত উত্তর তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুন্সিডাঙ্গির চর তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মৃধা প্রথম আলোকে বলেন, বিষয়টি ফরিদপুরের জেলা প্রশাসককে জানানো হয়েছে।