গোয়ালন্দে কলেজ ক্যাম্পাসে ছাত্রকে কুপিয়ে জখম
রাজবাড়ীর গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজ ক্যাম্পাসে ঢুকে প্রকাশ্যে সোহেল হাসান নামের একাদশ শ্রেণীর এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে বহিরাগত সন্ত্রাসীরা।
কলেজ কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সোহেল কলেজ ক্যাম্পাসে ঢুকলে আগে থেকে ওত পেতে থাকা ১০-১২ জন বহিরাগত সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে বাঁ পায়ের রগ কেটে দেওয়ার চেষ্টা চালায় সন্ত্রাসীরা। পরে ওই ছাত্রের চিৎকারে কলেজের অধ্যক্ষসহ অন্যরা এসে এক দুর্বৃত্তকে চাপাতিসহ আটক করেন। এ সময় অন্য সহযোগীরা তাকে ছাড়িয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে সোহেলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোহেল কলেজের নিয়মিত ছাত্র নয়। ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। এ ব্যাপারে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাফিজ আল আসাদ বলেন, সোহেলের বাঁ পায়ের নিচের দিকে গভীর ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁকে দ্রুত ফরিদপুরে স্থানান্তর করা হয়েছে।