গোয়ালন্দে ছয় মাকে সংবর্ধনা
বিশ্ব মা দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে ছয়জন মাকে সংবর্ধনা দেওয়া হয়। স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দীপাঞ্জলি গত মঙ্গলবার ওই অনুষ্ঠানের আয়োজন করে। শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় চত্বরে অনুষ্ঠানটি হয়।
‘মায়ের মতো আপন কেউ নেই, মমতার আধার তাঁর সহজাত মমত্ব দিয়ে সন্তানকে আগলে রাখেন মা’ স্লোগান সামনে রেখে সংগঠনের সভাপতি অপূর্ব্য সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। এ সময় উপজেলার ছয়জন মায়ের হাতে সম্মাননা তুলে দেন সাংসদ।
তাঁরা হচ্ছেন বেগম কদভানু এলেম, মোছা. হালিমা খাতুন, বেগম ভানু বিবি, চায়না রানী চক্রবর্তী, মোছা. তাহেরা খাতুন ও মোছা. মমতাজ বেগম। তাঁরা ও তাঁদের সন্তানেরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন ও রেখে চলেছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকির আবদুল জব্বার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নকুল কুমার বিশ্বাস ও স্থানীয় শিল্পীরা।