গোয়ালন্দে নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে বাড়িঘর

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর মরাপদ্মা নদী থেকে স্থানীয় একটি চক্র দীর্ঘদিন থেকে স্যালো ইঞ্জিনের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলন করছে। গত শনিবার ওই এলাকার দুটি পরিবারের তিনটি ঘর নদীতে বিলীন হয়ে গেছে। তবে অভিযুক্ত ব্যক্তিদের দাবি, তাঁরা নিজেদের জমি থেকে বালু তুলে বিক্রি করছেন।
উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছরোয়ার হোসেন জানান, এ ধরনের কোনো অভিযোগ সম্পর্কে তাঁর জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এলাকার অনেকের অভিযোগ, উজানচর জামতলা মোহনের ঘাট থেকে বাহাদুরপুর পর্যন্ত মরাপদ্মা নদীর অন্তত ২০টি স্থানে শহীদ শেখ, ছলিম শেখ, আজগর মণ্ডল, হানিফ শেখ, সালাউদ্দিন, সেকেন মিস্ত্রি, আবদুল মালেক, সিমান মেম্বর, মজনু শেখ, মোজাম মাস্টারসহ অনেক প্রভাবশালী ব্যক্তি স্যালো ইঞ্জিনের সাহায্যে বালু তুলে বিক্রি করছেন। দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের কারণে নদীর পাড় ভাঙা শুরু হওয়ায় এলাকাবাসী সম্প্রতি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন। কিন্তু বালু উত্তোলন অব্যাহত রয়েছে।
শনিবার দরাপেরডাঙ্গী এলাকায় দুটি পরিবারের তিনটি বসতঘর নদীতে বিলীন হয়ে যায়। হুমকির মুখে রয়েছে আরও অর্ধশত পরিবারের বাড়িঘর। এ ঘটনার পর নদীতে থাকা বালু উত্তোলনকারীরা স্যালো ইঞ্জিন তুলে পালিয়েছেন।
শনিবার দুপুরে দরাপেরডাঙ্গী এলাকায় দেখা যায়, মরাপদ্মার পাড়ে শূন্য ভিটায় কান্নাকাটি করছেন আলতাফ শেখের স্ত্রী নাসিমা বেগম। ভিটার পাশে নদীতে ভাসছে ঘরের বেড়া, ছাউনি, আসবাব, গাছপালাসহ অন্যান্য সরঞ্জাম। ভাঙন-আতঙ্কে আছে জামাল শেখ, মজনু শেখ, হানিফ শেখ, সোনাই সরদার, নুরু মিস্ত্রি, মানো মণ্ডল, ইসমাইল শেখেরসহ অর্ধশত পরিবার।
এলাকার আতঙ্কিত লোকজন জানান, দেড় মাস ধরে এলাকার সিমান মেম্বর, মজনু শেখ ও মোজাম মাস্টার বালু তুলে বিক্রি করছেন। সিমান মেম্বর ও মজনু শেখকে পাওয়া যায়নি। সিমান মেম্বরের ছেলে আমজাদ শেখ দাবি করেন, প্রায় এক মাস আগে বালু তোলা বন্ধ করা হয়েছে। কিছুদিন পর অন্যরা মাটি কাটলেও তিনি জানতেন না। মোজাম মাস্টার দাবি করেন, যেখান থেকে বালু তোলা হচ্ছিল, সেই জায়গা ব্যক্তিমালিকানাধীন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র স্যালো ইঞ্জিন দিয়ে বালু তুলে বিক্রি করছে। উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা বলেন, বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের কথা বলা হয়েছে। তা না হলে তাঁদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।