গোয়ালন্দে নদীভাঙনের শিকার মানুষের দুর্ভোগ
নদীভাঙনে সর্বস্ব হারানোর পর এবার ঋণের বোঝা, ঝড়বৃষ্টি ও কাদার কারণে বাড়তি দুর্ভোগে পড়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম, দৌলতদিয়া ও ছোটভাকলা ইউনিয়নের সহস্রাধিক পরিবার।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, চরবরাট এলাকার মাঠে প্রায় ১৫০টি পরিবার আশ্রয় নিয়েছে। কাদার মধ্যে কেউ কেউ ভাঙা ঘর তোলার চেষ্টা করছেন। খোঁজ নিয়ে জানা যায়, তিন-চার দিন আগে হঠাৎ পানি বেড়ে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। দুই দিন ধরে পানি কমতে থাকায় প্রচুর কাদা হয়েছে। শনিবার আকস্মিক ঝড় ও বৃষ্টিতে অনেকের ঘর পড়ে গেছে।
এ সময় দিনমজুর আজিজ সরদার (৪৫) জানান, ১৫ দিন আগে চরদেলন্দি থেকে স্ত্রী, পাঁচ ছেলেমেয়ে নিয়ে এখানে আশ্রয় নিয়েছেন। তিনি স্ত্রী ও একজন শ্রমিক নিয়ে কাত হওয়া ঘর সোজা করার চেষ্টা করছেন। হাতে টাকা না থাকায় স্থানীয় এক সমিতি থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়েছেন। পাশে আবদুল ওহাবের ছাপরা-ঘরের চালা উড়ে গেছে। স্ত্রী মিনি বেগম স্বামীর সঙ্গে ব্যস্ত তা ঠিক করতে।
ছোটভাকলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, চররবাট ও টেংরাপাড়া এলাকায় আশ্রয় নেওয়া প্রায় ২০০ পরিবারের মধ্যে শনিবার ঝড়ে প্রায় ৫০টি পরিবারের ঘর পড়ে গেছে। নদীভাঙনে নিঃস্ব মানুষগুলোর দুর্ভোগের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
ইউএনও ছরোয়ার হোসেন বলেন, ঝড়ে ঘর পড়ে যাওয়ার ব্যাপারে এখনো কিছু করা সম্ভব হয়নি। তবে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে দুই দফায় প্রায় ৫৩ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ৮ সেপ্টেম্বর পর্যন্ত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা দুই হাজার ৮৭০টি। তবে স্থানীয় লোকজনের ধারণা, ভাঙন অব্যাহত থাকায় এ সংখ্যা প্রায় তিন হাজার হবে।