গোয়ালন্দে পানিবন্দী মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারপাশে থইথই করছে পানি। তবুও থেমে নেই জীবন। কোমরপানি পাড়ি দিয়েই বিদ্যালয়ের পথে রওনা হয়েছে দুই শিক্ষার্থী। ছবিটি আজ রোববার সকালে রাজবাড়ীর গোয়ালন্দের চরবরাট এলাকা থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক
চারপাশে থইথই করছে পানি। তবুও থেমে নেই জীবন। কোমরপানি পাড়ি দিয়েই বিদ্যালয়ের পথে রওনা হয়েছে দুই শিক্ষার্থী। ছবিটি আজ রোববার সকালে রাজবাড়ীর গোয়ালন্দের চরবরাট এলাকা থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক

বিপত্সীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা নদীর পানি। রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মায় গত ২৪ ঘণ্টায় পাঁচ সেন্টিমিটার পানি বেড়েছে।

পানি বাড়ার কারণে উপজেলার দেবগ্রাম, দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। ফলে কয়েক শ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

ছোটভাকলা ইউনিয়নের চরবরাট এলাকায় নদীভাঙা প্রায় ৩০০ পরিবার আশ্রয় নেয়। কিন্তু তাদের বাড়ি-ঘরেও পানি উঠে গেছে। ফলে দুর্ভোগে পড়েছে মানুষ।

ওই এলাকার বাসিন্দা কৃষক সাঈদ সরদার জানান, চার দিন আগে বন্যার পানি বাড়িতে ওঠায় শুকনো জায়গা নেই। তাই গরু-ছাগল নিয়ে গোয়ালন্দের জামতলা-অন্তার মোড় রাজবাড়ীর বেড়িবাঁধ সড়কের ঢালে আশ্রয় নিয়েছেন। পানিবন্দী রহিম প্রামাণিক, ফরিদা বেগম, জহুরা বেগম, ওসমান খাঁ, বাবু ফকির জানান, ঘরে বন্যার পানি ওঠায় সাপ-পোকা সব উঠে আসছে। কাজ-কাম বন্ধ হওয়ায় এখন কষ্টে দিন কাটাতে হচ্ছে। অথচ এখন পর্যন্ত প্রশাসন কিংবা স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ খোঁজ নেননি।

ছোটভাকলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ইউনিয়নের চরবরাট, ছোট জলো, গোরামারা এলাকার প্রায় ৪০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া গত বছর দেবগ্রাম ইউনিয়নে নদীভাঙনের শিকার হয়ে তাঁর ইউনিয়নে আশ্রয় নেওয়া কয়েক শ পরিবার দুর্ভোগ পোহাচ্ছে। এ ব্যাপারে একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে।