গোয়ালন্দে প্রতিপক্ষের হামলায় আহত জেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর বদ্ধ জলমহাল (মরা পদ্মা নদী) নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত এক জেলের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর নাম আজাহার মোল্যা (৩৫)। বাড়ি উপজেলার পূর্ব উজানচর ভোলাই মাতুব্বরপাড়ায়। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
এদিকে রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলীর ঘোষণা অনুযায়ী গত বুধবার সকালে ওই জলমহাল থেকে বাঁধ ও জাল অপসারণ করা হয়। দখলদারদের লোকজন এগুলো অপসারণ করেন।
এলাকাবাসী ও থানার পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে মরা পদ্মা নদীর পারে দাঁড়িয়ে আজাহার জলমহাল উন্মুক্ত করে দেওয়ায় ভালো হয়েছে বলে মন্তব্য করেন। বিষয়টি জানতে পেরে মাতুব্বরপাড়ার রব মোল্যা, সেলিম মোল্যা ও নিজাম মোল্যা তাঁকে (আজাহার) মারধর করেন। একপর্যায়ে সেলিম মোল্যা ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান।
গোয়ালন্দঘাট থানার ওসি আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।