গোয়েন্দা সংস্থাকে জিজ্ঞাসাবাদের দাবি শামীম ওসমানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ শামীম ওসমান
সাংসদ শামীম ওসমান

যে গোয়েন্দা সংস্থা অডিও টেপ ছেড়েছে, তারা অবস্থান জানার পরও কেন নূর হোসেনকে গ্রেপ্তার করল না—তা জানতে চেয়েছেন নারায়ণগঞ্জে সরকারদলীয় সাংসদ শামীম ওসমান। তিনি তাদের জিজ্ঞাসাবাদ করার দাবি জানান। আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ ক্লাবে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
শামীম ওসমান বলেন, ‘নজরুলসহ সাতজনকে অপহরণের পর স্থানীয় পুলিশ আমাকে জানিয়েছিল, নূর হোসেন আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। আপনি তাঁকে কৌশলে আদালতে আত্মসমর্পণ করানোর চেষ্টা করবেন। নূর হোসেনের সঙ্গে আমার একাধিকবার মোবাইল ফোনে কথা হয়েছে। ওই গোয়েন্দা সংস্থা তার পুরো বক্তব্যের খণ্ডাংশ প্রচার করেছে।’
অডিও টেপ প্রসঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নিহত কাউন্সিলর নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যান বলেছেন, ‘শামীম ওসমান কৌশল হিসেবেই নূর হোসেনকে ধরিয়ে দিতে মোবাইল ফোনে তাঁর (নূর হোসেন) সঙ্গে কথা বলেছেন। এতে নূর হোসেনকে পালিয়ে যেতে সহায়তা করেছে, এমনটা আমি মনে করি না।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তের স্বার্থে যাকে প্রয়োজন তাকেই জিজ্ঞাসাবাদ করবে।’
আজ বিকেলে নারায়ণগঞ্জ ক্লাবে সাংবাদিকদের শহীদ চেয়ারম্যান এসব কথা বলেন। এ সময় শামীম ওসমান ওই ক্লাবেই অবস্থান করছিলেন।