গোলপাতা আহরণে আগ্রহ হারাচ্ছেন বাওয়ালিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব সুন্দরবন থেকে গোলপাতা নিয়ে ফিরছেন বাওয়ালিরা। জয়মনির ঘোল এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
পূর্ব সুন্দরবন থেকে গোলপাতা নিয়ে ফিরছেন বাওয়ালিরা। জয়মনির ঘোল এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

দস্যু আতঙ্ক আর বন বিভাগের মাত্রাতিরিক্ত নিয়ন্ত্রণের কারণে সুন্দরবনের গোলপাতা আহরণে আগ্রহ হারাচ্ছেন বাওয়ালিরা। ফলে চলতি বছর গোলপাতা আহরণ মৌসুমে বন বিভাগের রাজস্ব আদায় অনেক কমে গেছে।
বন কর্মকর্তা ও বাওয়ালি সূত্রে জানা যায়, সুন্দরবনের উদ্ভিদজাতীয় বনজ সম্পদ গোলপাতা। বনের অভ্যন্তরের নদী ও খালের পাড়ে প্রাকৃতিকভাবেই জন্মে প্রচুর পরিমাণ গোলগাছ। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত গোলপাতা আহরণ মৌসুম। প্রতিবছর এই মৌসুমে সাতক্ষীরা, বরগুনা, বাগেরহাট ও পটুয়াখালীর প্রায় ৩০ হাজার বাওয়ালি গোলপাতা আহরণ, পরিবহন ও বিক্রির কাজ করেন। চলতি মৌসুমে পূর্ব সুন্দরবনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের তিনটি কূপ থেকে ১ লাখ ৮৮ হাজার কুইন্টাল এবং পশ্চিম সুন্দরবনের নলিয়ান ও বুড়িগোয়ালিনী রেঞ্জের তিনটি কূপের আওতাধীন বিভিন্ন এলাকা থেকে প্রায় ১৬ লাখ কুইন্টাল গোলপাতা আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই স্টেশন কর্মকর্তা গাজী মতিয়ার রহমান জানান, বাওয়ালিরা এবার অনেক দেরি করে পাস নিয়েছেন। এতে তাঁদের গোলপাতা সংগ্রহের পরিমাণ কম হবে। এই কারণে রাজস্ব আদায়ও কম হবে। এ ছাড়া দস্যুদের উপদ্রব বেশি। তাই বাওয়ালিরা বনে আসতেও ভয় পাচ্ছেন। এদিকে গোলপাতার কূপগুলোতে নিয়োজিত প্রহরীদের কাছে কোনো অস্ত্র নেই, তার ওপর আছে জনবল-সংকট। আবার ঘরের ছাউনি হিসেবে এখন টিনের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।
সুন্দরবনের জিউধরা স্টেশনের পাশে গোলপাতা সংগ্রহকারী শরণখোলার বাওয়ালি জাকির হোসেন বলেন, এ বছর কূপগুলোতে পাতার পরিমাণ খুব কম। এ ছাড়া অন্য বছর গোলপাতার নৌকায় ঝুল হিসেবে (ভারসম্য রক্ষা) বন থেকে কেটে নেওয়া বিভিন্ন প্রজাতির গাছ থেকেও বাড়তি আয় হতো। কিন্তু এবার তাও বন্ধ করে দিয়েছে বন বিভাগ, তাই তাঁদের লোকসান হবে।
মংলার বাওয়ালি সবুর বলেন, ‘এখন সুন্দরবনে ডাকাতের খুব উৎপাত। যা আয় করি তার অর্ধেকই ডাকাতদের দিতে হয়। নাহলে আমাদের লোকজন ধরে নিয়ে মারধর করে।’ বাওয়ালিরা আরও বলেন, প্রতিবছর নিয়মমাফিক গোলপাতা সংগ্রহ করলে গোলগাছের পরিচর্যা হয় এবং এর পরিমাণও বেড়ে যায়। সময়মতো গোলপাতা কাটা ও সংগ্রহ করা না হলে পাতা নষ্ট হয়। এভাবে গোলপাতার ঝাড় ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা জহিরউদ্দিন আহমেদ বলেন, ‘এ বছর রাজস্ব আয়ে লক্ষ্যমাত্রার অর্ধেকেরও কম গোলপাতা সংগ্রহ হবে। পরিস্থিতি উন্নয়নে সামনের মৌসুমে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’