গোলবার ধসে ছাত্রের মৃত্যু
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার খেলার মাঠে গত বুধবার বিকেল চারটায় গ্রীষ্মকালীন জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলের চূড়ান্ত খেলা হয়েছে। খেলায় হাচিনসনপুর উচ্চবিদ্যালয় মেরুং উচ্চবিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিকেল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাঠ ছিল উৎসবমুখর। সবার সঙ্গে উৎসবে মেতেছিল অনাথ আশ্রম আবাসিক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র রুবেল (১৫)। মাঠ ছেড়ে সবাই চলে গেলে রুবেল মজুরির বিনিময়ে খেলার মাঠের জিনিসপত্র গোছানো শেষে গোলবারের জাল খুলতে যায়। গোলবারের জাল ধরে টান দিলে গাছে ঠেস দেওয়া লোহার গোলবারটি তার ওপর ধসে পড়ে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর সেখান থেকে মুমূর্ষু অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে রাতে তার মৃত্যু হয়। রুবেলের বাবা আবুল বাশার বলেন, ‘অভাবের কারণে তার পড়ালেখা বন্ধ করে দিয়েছিলাম। এ বছর সে নিজে মজুরি খেটে টাকা সংগ্রহ করে আবার সপ্তম শ্রেণীতে ভর্তি হয়েছে।’ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির সদস্যসচিব আজিম শরীফ বলেন, ‘আমরা রুবেলকে দিয়ে বিভিন্ন কাজ করাতাম। বুধবারও খেলা শেষে মাঠের দায়িত্ব রুবেলকে দেওয়া হয়। এত বড় মর্মান্তিক ঘটনা ঘটবে, তা আমরা বুঝতে পারিনি। এ ঘটনায় আমরা খুবই মর্মাহত। বিষয়টি স্থানীয়ভাবে বসে মীমাংসা করা হয়েছে। রুবেলের পরিবারকে আর্থিকসহ নানা সহযোগিতা দেওয়া হবে।’