
দশম জাতীয় সংসদ নির্বাচনে বিপুলসংখ্যক প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দল নির্বাচনে থাকলে এমনটা হতো না। তিনি মন্তব্য করেন, ‘মাঠে গোলরক্ষক না থাকলে তো গোল হবেই।’
গতকাল শনিবার কৃষিবিদ ইনস্টিটিউশনে বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের সভানেত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনে বিরোধী দল আসেনি। আমরা জানতাম, তারা আসবে। তাই আমরা আসন ভাগাভাগি করে প্রার্থিতা প্রত্যাহার করেছি। বিরোধী দল নির্বাচনে থাকলে এমনটা হতো না। বিরোধী দল নির্বাচনে এল না কেন? এটা তো আমাদের দোষ না। মাঠে গোলরক্ষক না থাকলে তো গোল হবেই। এখন বিরোধীদলীয় নেত্রী কপাল চাপড়াচ্ছেন।’
বৃহস্পতিবার দলের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে দেওয়া বক্তব্যের পুনরাবৃত্তি করে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন হবে। আলোচনাও চলবে। ভবিষ্যতে সমঝোতা হলে সংসদ ভেঙে নতুন নির্বাচন হবে। তবে বিরোধী দলকে জামায়াতের সঙ্গ ছাড়তে হবে।’
জামায়াত নির্বাচন করতে পারবে না বলে বিএনপি নির্বাচনে এল না—এ মন্তব্য পুনর্ব্যক্ত করে হাসিনা বলেন, ‘আদালত জামায়াতের নির্বাচনের অধিকার কেড়ে নিয়েছে। এখানে আমাদের কী করার আছে?’
জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় পাকিস্তানি পার্লামেন্টের নিন্দা প্রস্তাব নিয়ে কোনো কথা না বলায় বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার কঠোর সমালোচনা করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তানের প্রস্তাব নিয়ে উনি মুখে কিছু বললেন না। পাকিস্তানের বিরুদ্ধে কিছু বলতে উনার কষ্ট হয়। আগে মাঠে নামুন। তবে তার আগে যেন পাকিস্তানের প্রস্তাব সম্পর্কে জবাব নিয়ে মাঠে নামেন।’
শেখ হাসিনা বলেন, ‘এখন থলের বিড়াল বেরিয়ে পড়েছে। ফাঁসির পর পাকিস্তানের দরদ বেড়ে গেছে। তারা বলল, কাদের মোল্লা পাকিস্তানের অনুগত ছিল। এখন খালেদা জিয়া তাদের বাঁচাতে চায়।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ’৭২-এর সংবিধানের ফিরিয়ে আনার পক্ষে যুক্তি দিয়ে বলেন, ‘অনির্বাচিত সরকার একটি অদ্ভুত ব্যবস্থা। ’৭২-এর সংবিধান অব্যাহত থাকলে এই জঞ্জালে পড়তাম না।’
কিছুসংখ্যক সংবাদপত্র ‘আন্দাজনির্ভর’ সংবাদ পরিবেশন করে আস্থা হারাচ্ছে মন্তব্য করে সৈয়দ আশরাফ বলেন, ‘গণতন্ত্রের অন্যতম স্তম্ভ (সংবাদপত্র) যদি ধ্বংস হয়ে যায়, তাহলে গণতন্ত্র স্থায়ী রূপ নেবে কীভাবে?’
কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করার পর আন্তর্জাতিক মহলের সমালোচনার উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যুক্তরাষ্ট্রে প্রতিবছর ৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। সেই দেশে মৃত্যুদণ্ড কার্যকর হলে কোনো দোষ হয় না, কিন্তু কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হলেই যত দোষ। সাদ্দাম হোসেনকে ঈদের দিন ফাঁসি দেওয়া হয়েছে। আমরা কিছু বললেই তারা নাখোশ হয়। তাদের কিছু দালাল আছে তারাও নাখোশ হয়।’
তোফায়েল আহমেদ বলেন, পাকিস্তানের সংসদের প্রস্তাব নিয়ে খালেদা জিয়া নীরব। পাকিস্তানকে হারাতে পারলে আমরা খালেদাকেও হারাতে পারব।
আমির হোসেন আমু বলেন, এটা একদলীয় নির্বাচন নয়, ১২টি দল নির্বাচনে অংশ নিচ্ছে।
সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন সুরঞ্জিত সেনগুপ্ত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আহমদ হোসেন, এ কে এম এনামুল হক শামীম প্রমুখ।