গোলাগুলি করে মারা পড়ল এক সন্ত্রাসী
নিজেদের মধ্যে গোলাগুলিতে এক সন্ত্রাসী নিহত এবং দুজন আহত হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালীতে গতকাল রোববার আধিপত্য বিস্তার এবং টাকার ভাগবাটোয়ারা নিয়ে কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত রিংকু (২৬) এবং আহত ফুয়াদ ফয়সাল ও জাকির হোসেন স্থানীয় সন্ত্রাসী সাগর গ্রুপের সদস্য ছিল। এর মধ্যে জাকিরের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক্স-রে করার সময় তার পকেট থেকে একটি বোমা উদ্ধার করা হয়েছে। ফুয়াদ ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।পুলিশ জানিয়েছে, তারা সবাই মতিঝিল-সূত্রাপুর এলাকার সন্ত্রাসী। এ চক্রের প্রধান সাগর একসময় সন্ত্রাসী ইদুলের সহযোগী ছিল। ২০০৪ সালে মতিঝিলে মানি এক্সচেঞ্জে ডাকাতি করতে গিয়ে ইদুল গ্রেপ্তার হয়। এরপর তার সহযোগী সাগর দল পুনর্গঠিত করে সূত্রাপুর-মতিঝিল এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। তারা টেলিফোনে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কাজে জড়িত ছিল। সাগরের বিরুদ্ধে এর আগে দুটি হত্যা মামলা রয়েছে। পুলিশ তাকে খুঁজছে।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (্এসআই) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত-আহত ব্যক্তির সবাই সাগর গ্রুপের সদস্য। তারা মোবাইলে চাঁদাবাজি ও ছিনতাই করে। গতকাল সকালে চাঁদার টাকার ভাগবাটোয়ারা নিয়ে কুতুবখালী মসজিদের গলিতে বসে ছিল। সে সময় তাদের মধ্যে কথাকাটাকাটির জের ধরে দুপুর পৌনে ১২টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে। ফুয়াদ ফয়সালের বাহুতে, বাঁ পাঁজরে ও পিঠে তিনটি গুলিবিদ্ধ হয়। জাকিরের চোখে গুলি লাগে।তবে ফুয়াদের মা আখিয়া বেগমের দাবি, তাঁর ছেলে সকালে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। তাকে সন্ত্রাসীরা ডেকে নিয়ে গুলি করেছে। নিহত রিংকুর স্বজনেরাও দাবি করে, তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।