গোলাগুলিতে পুলিশের সাত সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপকূলীয় এলাকার জলদস্যু বাহিনীর প্রধান নেয়ামতউল্লাকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে মুছাপুর ইউনিয়নের দক্ষিণ মুছাপুর খাল থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারের পর রাত দেড়টার দিকে নেয়ামতকে নিয়ে দক্ষিণ মুছাপুরের স্লুইচ গেটসংলগ্ন ঝাউবাগানে অস্ত্র উদ্ধারে অভিযানে গেলে পুলিশের সঙ্গে গোলাগুলি হয় নেয়ামত বাহিনীর। এ ঘটনায় নেয়ামত ছাড়াও কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শকসহ অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।আহত পুলিশ সদস্যরা হলেন ওসি মোহাম্মদ সাজেদুর রহমান, পরিদর্শক (তদন্ত) সফিকুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) রবিউল হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) ইউ কে সিং এবং তিন কনস্টেবল মো. শামীম, এয়াছিন ও হানিফ সরকার। আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।এ ছাড়া এ গোলাগুলির ঘটনায় দস্যুবাহিনীর প্রধান নেয়ামতও ডান পায়ে গুলিবিদ্ধ হন। তাঁকে গতকাল বৃহস্পতিবার ভোরে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, নেয়ামত মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম মুছাপুরের মৃত ফিরোজ আলমের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ১৪টি মামলা রয়েছে। এ ছাড়া বুধবার রাতে অস্ত্র উদ্ধার ও পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে আরও দুটি মামলা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জলদস্যু নেয়ামত দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জ উপকূলীয় বামনী ও ছোটফেনী নদী এবং মেঘনায় ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত। তিনি আগেও একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জামিনে বেরিয়ে পুনরায় অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন। বুধবার বিকেলে থানায় খবর আসে নেয়ামত দক্ষিণ মুছাপুর ক্লোজারসংলগ্ন খালে অবস্থান করছেন।সাজেদুর রহমান বলেন, বুধবার সন্ধ্যা সাতটার দিকে তিনি একদল পুলিশ নিয়ে ঝটিকা অভিযান চালিয়ে ধাওয়া করে নেয়ামতকে ধরে ফেলেন। পরে থানায় এনে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নেয়ামত দক্ষিণ মুছাপুর স্লুইচ গেটসংলগ্ন ঝাউবাগানে তাঁর অস্ত্র রয়েছে বলে তথ্য দেন। এরপর রাত দেড়টার দিকে তাঁকে নিয়ে সেখানে গিয়ে অস্ত্র উদ্ধারের একপর্যায়ে নেয়ামতের বাহিনীর সদস্যরা পুলিশের ওপর গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় নেয়ামতের তথ্য অনুযায়ী একটি বন্দুক ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়।