রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত রোববার ইসলামী ছাত্রশিবির, ছাত্রলীগ ও পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনায় গতকাল সোমবার পর্যন্ত কোনো মামলা হয়নি। এদিকে ঘটনার পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
ক্যাম্পাসে প্রকাশ্যে মহড়া দেওয়াকে কেন্দ্র করে রোববার ছাত্রশিবির, ছাত্রলীগ ও পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় এক সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের দুজন নেতা আহত হন।
শিক্ষার্থীরা জানান, সংঘর্ষের ঘটনার পর গতকাল সকাল থেকে ক্যাম্পাসের পরিস্থিতি কিছুটা থমথমে রয়েছে। সকাল থেকেই ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে ছাত্রশিবিরের কিছু নেতা-কর্মীকে দেখা গেলেও ছাত্রলীগের কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। দুপুর ১২টার পর ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে ছাত্রলীগের নেতা-কর্মীদের দেখা যায়। এদিকে ছাত্রশিবিরের মতিহার হল শাখার সভাপতি গুলিবিদ্ধ আবু সুফিয়ান পুলিশি পাহারায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।