হেলমেট পরেননি। তার ওপর মোটরসাইকেলের পেছনে নিয়েছেন অতিরিক্ত আরোহী। ছুটছেনও দ্রুতগতিতে। সেই মোটরসাইকেলের চালককে হাতেনাতে আটকাল পুলিশ। তবে জেল-জরিমানা নয়। উল্টো লাল গোলাপ দিয়ে জানাল নতুন বছরের শুভেচ্ছা। পাশাপাশি পরবর্তী সময়ে ট্রাফিক আইন না ভাঙার অনুরোধ করা হয়।
দিনাজপুরের বিরামপুর উপজেলায় গতকাল রোববার পুলিশের এই উদ্যোগ দেখা গেল। এর পেছনে ছিলেন নবগঠিত বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ এস এম হাফিজুর রহমান। গতকাল দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরামপুর পৌর শহরের পল্লবী মোড়ে এ কার্যক্রমে তিনি উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান।
দুপুর সাড়ে ১২টার দিকে পল্লবী মোড়ে মাছ ব্যবসায়ী মো. দুলু মিয়ার মোটরসাইকেল থামায় পুলিশ। সঙ্গে ছিল নিজের স্কুলপড়ুয়া মেয়ে। কারও মাথায় হেলমেট ছিল না। এরপরও পুলিশ কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় অভিভূত হন দুলু। তিনি পুলিশের দেওয়া ফুল গ্রহণ করেন এবং ভবিষ্যতে সর্বদা হেলমেট পরার প্রতিশ্রুতি দেন।
এএসপি হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি ২০ ডিসেম্বর বিরামপুরে যোগদান করেছেন। এলাকার মানুষের সঙ্গে কথা বলে বুঝতে পারেন, তাঁরা ট্রাফিক আইনের প্রতি খুবই উদাসীন। তবে আশার কথা হলো, তাঁরা শান্তশিষ্ট। শুধু সচেতনতার অভাবে তাঁরা ট্রাফিক আইন মানেন না। তাই এলাকাবাসীকে সচেতন করতেই এ উদ্যোগের কথা চিন্তা করেন তিনি।