গোলাপকে হারিয়ে অন্তঃসত্ত্বা রুমী অকূল পাথারে
সাত দিন আগেও রুমী আক্তারের (১৯) চোখে ছিল সোনালি স্বপ্ন। এখন তাঁর দুই চোখজুড়ে শুধুই জল আর অমানিশার অন্ধকার। নয় মাসের অন্তঃসত্ত্বা রুমী আক্তারের স্বামী গোলাপ হোসেন (২৪) বিএসএফের নির্যাতনে আহত হয়ে পাঁচ দিন পর শুক্রবার রাতে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।গোলাপ হোসেনের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর গ্রামে। গতকাল শনিবার ভোরে গোলাপ হোসেনের লাশ রংপুর থেকে তাঁর গ্রামের বাড়িতে আনা হয়। গতকাল সকালে দাউদপুরে গিয়ে দেখা যায়, পুরো গ্রামে চলছে মাতম।স্থানীয় সূত্রে জানা যায়, ৫ মার্চ ভোরে ভারতের পশ্চিম দিনাজপুরের হিলি থানার ছাগলডাঙ্গি এলাকায় বাংলাদেশি গরু ব্যবসায়ীদের ওপর বিএসএফ অতর্কিত বেয়নেট চার্জ ও ককটেল নিক্ষেপ করে। এতে আবদুল জলিল মারা যান। আর বেয়নেটের আঘাত গোলাপ মাটিতে লুটিয়ে পড়েন, এরপর বিএসএফ সদস্যরা তাঁকে আটক করে। ওই অবস্থায় অন্য গরু ব্যবসায়ীরা বিএসএফের হাত থেকে তাঁকে ছিনিয়ে আনেন। পরে পরিবারের লোকজন তাঁকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতাল ও পরে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। গোলাপ হোসেনের বড় ভাই সোলায়মান হোসেন (৩৫) জানান, ওই হাসপাতালে গত শুক্রবার রাত নয়টা ৫০ মিনিটে তাঁর ভাইয়ের মৃত্যু হয়।এদিকে ৫ মার্চ পতাকা বৈঠকে বিএসএফ জানায়, আবদুল জলিলকে আটক করে হিলি থানায় সোপর্দ করা হয়েছে। কিন্তু পতাকা বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিজিবি সদস্য জানান, পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে আবদুল জলিলকে দেখতে চাওয়া হয়। এ সময় উপস্থিত বিএসএফের এক সদস্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তাঁরা আবদুল জলিলকে দেখাতে অপারগতা প্রকাশ করেন। আবদুল জলিলের ভগ্নিপতি ও ৮ নম্বর ইউপি সদস্য আফিজ উদ্দিন জানান, তাঁরা এখন পর্যন্ত আবদুল জলিলের কোনো খোঁজ পাননি।৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তায়েফ-উল হক প্রথম আলোকে জানান, ৫ মার্চের ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ৭ মার্চ বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়। কিন্তু চার দিন অতিবাহিত হলেও বিএসএফ চিঠির কোনো উত্তর দেয়নি বলে তিনি জানান।করিডর বন্ধের দাবি: বিরামপুর সীমান্তে করিডর বন্ধের দাবি জানিয়েছেন বিএসএফের নির্যাতনে নিহতদের পরিবার ও এলাকার সচেতন মানুষ। তাঁদের মতে, করিডর থাকায় এলাকাবাসীর মধ্যে অবৈধভাবে ভারতে গিয়ে পশু আনার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। আর অবৈধ অনুপ্রবেশের অজুহাত দেখিয়ে বিএসএফ বংলাদেশিদের হত্যা, নির্যাতন ও হয়রানির করছে। বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত তিন মাসে বিরামপুর সীমান্তে বিএসএফের নির্যাতনে পাঁচজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। বিএসএফের গুলিতে নিহত কাটলা ইউনিয়নে দক্ষিণ দাউদপুর গ্রামের মুজিবুর রহমানের বাবা মহিরউদ্দিন (৫০) জানান, তাঁর ছেলে কলেজে লেখাপড়া করত। কোনো দিন সে সীমান্তের ওপারে যায়নি। এলাকার অন্যদের ভারতে অবাধ যাতায়াত দেখে হঠাৎ এক রাতে সেও তাদের সঙ্গে গিয়ে গুলিতে নিহত হয়। তিনি বলেন, করিডর থাকলেই গরু ব্যবসায়ী ও রাখালেরা বেপরোয়াভাবে ভারতে যাতায়াত করার সাহস পায়। একই কথা বলেন ওই গ্রামের নিহত মতিয়ার রহমানের বাবা সিদ্দিক সরকার (৪৫), ইয়াকুব আলীর বাবা মহির উদ্দিন (৬০), কসবা সাগরপুর গ্রামের নিহত রশিদুলের বাবা কফিল উদ্দিন (৫৬), মমতাজ আলীর বাবা জহির উদ্দিন। তাঁরা বলেন, রাতারাতি বেশি টাকা রোজগারের নেশায় যুবসমাজও এর প্রতি ঝুঁকে পড়ছে। বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মাস্টার প্রথম আলোকে বলেন, করিডর হলো ভারত থেকে চোরইপথে গরু আনার লাইসেন্স। এতে সরকার যতটা না লাভবান হয় তার চেয়ে বেশি লাভবান হয় বিজিবি। কারণ ভারত থেকে ১০০টি গরু এলে ৫০টি গরুর করিডর হয় আর বাকিগুলোর টাকা বিজিবির পকেটে যায়।এ বিষয়ে লে. কর্নেল তায়েফ-উল হক জানান, ভারতে গরুর মাংসের ব্যবহার কম। একটু ধৈর্য ধরলেই ভারতীয় গরু ব্যবসায়ীরা বাংলাদেশে এসে গরু দিয়ে যাবেন। কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীদের ধৈর্য কম, যার কারণে সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। বিজিবি টাকা নেয় এমন প্রমাণ তিনি পাননি বলে দাবি করেন।