গোলাপগঞ্জ পৌরসভার রাস্তাঘাট বেহাল
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার রাস্তাঘাট বেহাল থাকলেও দীর্ঘদিন ধরে সংস্কারের উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। বিভিন্ন স্থানে পিচের খোয়া উঠে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। সংস্কার না হওয়ায় ধীরে ধীরে গর্তের আকার বেড়েই চলেছে। এতে জনদুর্ভোগও বাড়ছে।পৌরবাসী অভিযোগ করেন, কয়েক বছর ধরে পৌরসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাট ভেঙে খানাখন্দের সৃষ্টি হলেও এসব রাস্তা সংস্কারে পৌর কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। শহরের চৌমোহনী, উপজেলা রোড, শিকপুর রোড, দাড়িপাতন, ফুলবাড়ী পূর্বপাড়া, দাড়িপাতন পশ্চিমপাড়া, ঢাকা দক্ষিণ-ভাদেশ্বর রাস্তার বেশির ভাগ স্থানের পিচ উঠে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে কাদা-পানি একাকার হয়ে পথ চলাচলে পৌরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়।অটোরিকশার চালক রশিদ মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভাঙা রাস্তার কারণে গাড়ি চালানো বাদ দিতে হবে। রাস্তাঘাটের যে ভয়াবহ অবস্থা, দুই দিন পর পর গাড়ি নষ্ট হয়ে যায়।’পৌর এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন বলেন, ‘ঘর থেকে বের হলেই ভাঙা রাস্তার কারণে দুর্ভোগে পড়তে হয়। একটু বৃষ্টি হলে সেই দুর্ভোগ আরও বেড়ে যায়।’রিকশাচালক সুন্দর আলী বলেন, ‘যেদিকে রাস্তা ভালো, সেদিকে খেপ দিই। ভাঙা রাস্তায় খেপ দিই না। কারণ, এসব রাস্তায় খেপ দিলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়। যখন-তখন চাকার রিং বেঁকে যায়। তাই শহরের সব রাস্তা দিয়ে গাড়ি চালাই না।’ঢাকা দক্ষিণ হলি সিটি স্কুলের বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অজামিল চন্দ্র নাথ জানান, দীর্ঘদিন ধরে পৌর শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো সংস্কারহীন থাকায় যোগাযোগব্যবস্থা নাজুক অবস্থায় রয়েছে। এতে পৌরবাসীর দুর্ভোগ চরমে উঠেছে।ওয়ার্ড কাউন্সিলর রুহিন আহমদ খান বলেন, শহরের অধিকাংশ রাস্তাঘাট ভাঙাচোরা আর এবড়ো-খেবড়ো। এ নিয়ে মাঝেমধ্যে এলাকাবাসীর রোষের মুখে পড়তে হয়। পৌর মেয়রকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না।পৌরসভার মেয়র জাকারিয়া আহমদ বলেন, ‘পৌরসভার রাস্তাঘাটের উন্নয়নে কর্তৃপক্ষ খুবই আন্তরিক। শহরের প্রায় সব কটি সড়ক অক্ষত রয়েছে, যে কয়েকটি সড়কে খানাখন্দ তৈরি হয়েছে, সেসব সংস্কারে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে। ইতিমধ্যে দরপত্রও আহ্বান করা হয়েছে। বৃষ্টি-বাদলের দিন হওয়ায় কাজ করা যাচ্ছে না। বর্ষা মৌসুম শেষ হলেই রাস্তার সংস্কারকাজ শুরু করা হবে।’