গোলাপগঞ্জ পৌরসভায় সমস্যার শেষ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবড়োখেবড়ো রাস্তা। রয়েছে ছোট ছোট গর্ত। এতে দুর্ঘটনা ঘটার শঙ্কা নিয়মিত বেড়ে চলেছে। পথচারীদের আলাদাভাবে চলাচলের জন্য ফুটপাতের ব্যবস্থাও নেই। এ ছাড়া যত্রতত্র ময়লা-আবর্জনা, পর্যাপ্ত সড়কবাতি ও গণশৌচাগারের অভাব আর অসহনীয় যানজট তো রয়েছেই। এ অবস্থা চলছে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায়। ফলে বাসিন্দাদের ভোগান্তির যেন শেষ নেই।

গতকাল রোববার দুপুরে সরেজমিনে দেখা গেছে, পৌরসভার রণকেলী উত্তর, আমুড়ার রাস্তার মুখ, টিকরবাড়ি, চৌমোহনীসহ অন্তত সাতটি এলাকার গুরুত্বপূর্ণ রাস্তায় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এসব রাস্তার ইট-সুরকি ও কার্পেটিং উঠে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ঝুঁকি নিয়ে এঁকেবেঁকে যানবাহন চলাচল করছে। প্রায় দেড় বছর ধরে এ অবস্থা চললেও রাস্তা সংস্কারে পৌর কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না।

শহরের পাঁচজন বাসিন্দার অভিযোগ, প্রয়োজন থাকা সত্ত্বেও শহরের নয়টি ওয়ার্ডের কোনো এলাকাতেই পৌর কর্তৃপক্ষ পানি সরবরাহ করে না। এ অবস্থায় পৌরসভা প্রতিষ্ঠার পর থেকেই নিজস্ব ব্যবস্থায় নলকূপ বসিয়ে পৌরবাসীকে পানি উত্তোলন করতে হয়। শহরের কদমতলী ও পুরোনো হাসপাতাল রোড এলাকায় বেশ কয়েকটি গণশৌচাগারের প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও মাত্র দুটি গণশৌচাগার রয়েছে। ঘোষগাঁও, ঘুগারকূল, দিঘিরপাড়, বাদে রণকেলী, সরস্বতী এলাকার অধিকাংশ রাস্তায় নেই সড়কবাতি।

আফসান আহমদ নামের পৌরসভার একজন বাসিন্দা জানান, বেশির ভাগ এলাকায় নালাসুবিধা নেই। সামান্য বৃষ্টি হলেই পৌর শহরের বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। এ ছাড়া চৌমোহনী এলাকা ঘেঁষে সিলেট-বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়ক দুটি অবস্থিত। তাই এ দুটি পথে একই সঙ্গে বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলে। এতে এখানে দিনের বেশির ভাগ সময় যানজট লেগে থাকে।

সরস্বতী এলাকার দুজন বাসিন্দা বলেন, শহরে ময়লা-আবর্জনা ফেলার জন্য একটিও ডাস্টবিন নেই।

পৌরসভার বাসিন্দা গৃহিণী ফাতেমা বেগম বলেন, ফুটপাত না থাকায়, বিশেষ করে নারী ও বয়স্ক লোকদের চলাফেরা করতে সমস্যা হয়। পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ভাঙাচোরা রাস্তাগুলো এলজিইডির অধীনে রয়েছে। পৌরবাসীর সুবিধার জন্য ওই কর্তৃপক্ষকে দ্রুত রাস্তাগুলো সংস্কারের জন্য একাধিকার অনুরোধ জানালেও তারা কোনো উদ্যোগ নেয়নি। তাই পৌর কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে এসব রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও কয়েকটি গণশৌচাগার নির্মাণের পাশাপাশি পানিসংকট নিরসনে শিগগিরই একটি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।’

মেয়র আরও বলেন, ‘এখানে বরাদ্দও আসে কম, আয়ও হয় কম। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কাজ করা সম্ভব হয় না। তবে পৌরসভাকে পরিচ্ছন্ন রাখার স্বার্থে ময়লা-আবর্জনা নিয়মিত অপসারণ করা হয়ে থাকে। এ ছাড়া পৌর শহরের নালাব্যবস্থা নেই বললেই চলে, এটিকে গুরুত্ব দিয়ে নালাব্যবস্থা চালুর জন্য একটি বড় প্রকল্প গ্রহণের পরিকল্পনা আমাদের রয়েছে।’