গোলাপগঞ্জে আসামিদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদল নেতা জসিম আহমদ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার সিলেটের গোলাপগঞ্জে মিছিল ও সমাবেশ হয়েছে। সিলেটের গোলাপগঞ্জে উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে নিহত বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবির সমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে রানাপিং বাজারে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ হয়। সংঘর্ষে ফুলবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি জসিম আহমদ (৩২) নিহত হন। এ ঘটনায় শুক্রবার জসিমের মা রাবেয়া বেগম বাদী হয়ে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের ১০ নেতা-কর্মীর নাম উল্লেখ করে গোলাপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বিকেলে বৃহত্তর ফুলবাড়ী নাগরিক কমিটির ব্যানারে ফুলবাড়ী বৈঠিকরবাজারে মিছিল হয়। পরে সমাবেশ থেকে মামলার আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। ফুলবাড়ী ইউপির চেয়ারম্যান কামরুল হাসান, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক মশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও নিহত জসিমের চাচা আলী আকবর, গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি মুক্তার হোসেন, পৌর আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মামুন আহমদ, যুবদলের আহ্বায়ক মামুনুর রশিদ, গোলাপগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর জহির উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ ও ফুলবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহনূর আহমদ সমাবেশে বক্তব্য দেন।