গোলাপগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের বাড়িতে ডাকাতি হয়েছে। গত রোববার গভীর রাতে একদল অস্ত্রধারী ডাকাত ঘরের দরজা ভেঙে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ নিয়ে উপজেলায় গত এক সপ্তাহের ব্যবধানে চারটি ডাকাতির ঘটনা ঘটেছে।পুলিশ ও ডাকাতির শিকার পরিবারটির সূত্রে জানা গেছে, গত রোববার গভীর রাতে অস্ত্রধারী ২০-২১ জনের ডাকাতদল বাড়ির সামনের দরজা ভেঙে ঘরে ঢুকে চেয়ারম্যানের হাত-পা বেঁধে ফেলে। চেয়ারম্যানের স্ত্রী রুশনা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির চাবি ছিনিয়ে নেয়। এরপর ডাকাতেরা বাড়ির অন্তত আটটি কক্ষ তছনছ করে এক লাখ ২৬ হাজার টাকা, ২৬ ভরি স্বর্ণালংকার, ছয়টি অত্যাধুনিক মুঠোফোনসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এ সময় ডাকাতের আঘাতে চেয়ারম্যানপুত্রের শাশুড়ি দিলারা বেগম গুরুতর আহত হন।গ্রামের লোকজন ডাকাতদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে গ্রামবাসীকে ডাকাত প্রতিরোধের আহ্বান জানায়। মাইকের আওয়াজ পেয়ে ডাকাতেরা কয়েক রাউন্ড গুলি ও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। চেয়ারম্যান ফখরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একজন জনপ্রতিনিধি হয়েও আমার বাড়ির কোনো নিরাপত্তা নেই। তাহলে সাধারণ মানুষ কত অসহায় জীবনযাপন করছে—এটা এ ঘটনা থেকেই স্পষ্ট।’গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, ‘এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টার পাশাপাশি এদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ছাড়া পুরো উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।’