গোলাপগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুনামপুর গ্রামে দিনমজুর পরিবারের এক কিশোরী (১৬) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে পাশের কৃষ্ণপুর গ্রামের বখাটে যুবক ইকবাল মিয়ার (২৪) বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় মামলা হয়েছে। ধর্ষিতার পরিবারের অভিযোগ, মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। অভাবের কারণে একপর্যায়ে মেয়েটি পড়াশোনা ছেড়ে দেয়। কৃষ্ণপুর গ্রামের বখাটে ছেলে ইকবাল মেয়েটিকে প্রায়ই উত্ত্যক্ত করত। সম্প্রতি মেয়েটির ঘরের প্রায় ১০০ গজ দূরে নদীর তীরে একটি উড়া ঘর (অস্থায়ী খুপরিঘর) বানিয়ে সেখান থেকে মেয়েটির ওপর নজর রাখছিল সে।গত বৃহস্পতিবার ভোর চারটার দিকে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এ সময় ঘরের পাশে লুকিয়ে থাকা ইকবাল তাকে জোর করে ওই খুপরিঘরে নিয়ে ধর্ষণ করে।মামলার তদন্ত কর্মকর্তা গোলাপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক শেখ প্রথম আলোকে জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগে ইকবাল এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগে ইকবালের বাবা মাসুক মিয়া, আত্মীয় মাইনুল হক, আবদুল আহাদ, রফিক মিয়া, গিয়াসউদ্দিন, সাইফুল, আবদুল হান্নান, দেলওয়ার মিয়ার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এসআই জানান, চিকিত্সার জন্য মেয়েটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। সিলেটের এএসপি (সার্কেল) নিলু বিশ্বাস গতকাল বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি আসামি গ্রেপ্তার ও ধর্ষিতার পরিবারের নিরাপত্তায় পুলিশ সচেষ্ট রয়েছে।