গোলাপগঞ্জে চাল ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোলাপগঞ্জে এক চাল ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁর নাম সেবুল আহমদ (২৯)। তিনি গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বাজারের মসজিদ মার্কেটের একজন চাল ব্যবসায়ী। গতকাল সোমবার সকালে উপজেলার কানিশাইল গ্রামের একটি বাড়ি থেকে সেবুলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করা হলে পুলিশ ওই বাড়ির তিন ভাইবোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় গ্রামের মুফজ্জিল আলীর ছেলে সেবুল কানিশাইল গ্রামের ওই বাড়িতে নিয়মিত আসা-যাওয়া করতেন। ওই বাড়ির এক মেয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। গত রোববার সন্ধ্যায় বাড়ির ছেলে রেজাউর রহমান দোকান থেকে সেবুলকে জরুরি কাজের কথা বলে তাঁদের বাড়িতে নিয়ে যান। গতকাল সোমবার ভোরে রেজাউর সেবুলের বাড়িতে গিয়ে জানান, সেবুল গুরুতর অসুস্থ। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হবে।সেবুলের ভাই কামাল আহমদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন ওই বাড়ির একটি কক্ষের খাটে সেবুল অচেতন অবস্থায় পড়ে আছেন। ওই অবস্থায় সেবুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক গোলাপগঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। কামাল জানান, ওই বাড়ির বড় মেয়ের সঙ্গে তাঁর ভাইয়ের প্রেমের সম্পর্কের কথা তিনি লোকমুখে শুনেছেন। সেবুলকে দোকান থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তবে কারা এ কাজ করেছে, এ বিষয়ে তিনি এ মুহূর্তে কিছু বলতে পারছেন না।গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ওই বাড়িতে সেবুলের কথিত প্রেমিকাসহ দুই ভাইবোনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান। পুলিশ কর্মকর্তা মরদেহের সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে বলেন, মরদেহের শরীরে কোনো জখম বা আঘাতের চিহ্ন দেখা যায়নি।